২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজে ছাইচাপা উত্তাপ

মাত্র তিন মাসের ব্যবধানে আবারো উত্তাপ ছড়াতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ক্রিকেটীয় দ্বৈরথ অ্যাশেজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 06:16 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

অ্যাশেজে 'রিয়েল-টাইম স্নিকো'

ক্রিকেটের সবচেয়ে পুরনো আর মর্যাদাপূর্ণ সিরিজের প্রথম টেস্ট ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

টানা তিনটি সিরিজ হেরে ছাইচাঁপা আগুনে জ্বলছে অস্ট্রেলিয়া। সর্বশেষ পাঁচ অ্যাশেজ সিরিজের হিসেবে চারটিতেই হেরেছে এক সময় ক্রিকেট বিশ্বকে শাসন করা অস্ট্রেলিয়া।

২০১০/১১ মৌসুমে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত শেষ সিরিজটি মাইকেল ক্লার্কের দলের জন্য আরো হতাশার। ১৯৮৬/৮৭ মৌসুমের পর সেবারই প্রথম দেশের মাটিতে অ্যাশেজ সিরিজ হারের তিক্ত স্বাদ পায় তারা।

অ্যাশেজ পুনরুদ্ধার হবে কী না সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক ক্লার্কের কাছ থেকে মিলল না কোনো প্রতিশ্রুতি; বরং অনেক কৌশলী তার উত্তর।

Image
গ্যাবায় অ্যাশেজের ভষ্মাধারের রেপ্লিকা

গ্যাবায় অ্যাশেজের ভষ্মাধারের রেপ্লিকা

Image
দুই অধিনায়কের হাতে অ্যাশেজের ভষ্মাধারের রেপ্লিকা।

দুই অধিনায়কের হাতে অ্যাশেজের ভষ্মাধারের রেপ্লিকা।

বছরের প্রথম সিরিজে ৩-০ হারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমি এখানে বসে প্রতিশ্রুতি দেব না যে, এবার সব কিছভিন্ন হবে। ইংল্যান্ডে যেমন হয়েছিল, এখানেও তেমনি কঠিন লড়াই হতে যাচ্ছে। কোন কন্ডিশনে খেলছি তা গুরুত্বপূর্ণ নয় সাফল্য পেতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।”

সময়টা মোটেও ভালা যাচ্ছে না অস্ট্রেলিয়ার। শেষ নয় টেস্টের সাতটিতেই হেরে যাওয়া দলটি সাফল্যের জন্য মরিয়া। এ জন্য প্রত্যেককে নিজের সেরাটা দেয়ার আহ্বান জানিয়েছেন ক্লার্ক।

প্রথম টেস্টের জন্য আগেই ১২ সদস্যের দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তাদের জন্য সুসংবাদ হচ্ছে বল করতে পারবেন অলরাউন্ডার শেন ওয়াটসন। তাদের জন্য এখন একমাত্র ভাবনার বিষয়, জেমস ফকনারসহ চার পেসার নাকি, একজন পেসার কমিয়ে স্পিনার নাথান লিয়নকে খেলানো হবে।

১৯৮৬ সালের পর গ্যাবায় কোনো টেস্ট জিতেনি ইংল্যান্ড। তবে এটাকে খুব বড় করে দেখতে রাজি নন ক্লার্ক। তিনি বলেন, “উইকেট দারুণ দেখাচ্ছে। আমার মনে হয়, এটা খুব ভালো একটি পিচ। আমার মনে হয় এখানে বোলাররা পেস ও বাউন্স পাবেন। স্পিনারদের জন্য কিছুটা টার্নও থাকতে পারে।”

১৮৯০ সালের পর প্রথম টানা চার সিরিজের জেতার সম্ভাবনায় ভীষণ উজ্জ্বীবিত ইংল্যান্ড। তা করতে হলে সিরিজের উদ্বোধনী ম্যাচে জেতা জরুরি অতিথিদের।

এই মাঠে নিজেদের খারাপ রেকর্ড জানা আছে অতিথি দলের অধিনায়ক অ্যালিস্টার কুকের। তিনি বলেন, “এই দলটি অনেকবারই সাফল্য পেয়েছে। বিশেষ করে আমাদের সামনে যখন কোনো নির্দিষ্ট চ্যালেঞ্জ থাকে আমরা সেটি গ্রহণ করি এবং সাফল্য আদায় করে নিই।”

কাজটা মোটেও সহজ হবে না। কারণ, ১৯৮৮-৮৯ মৌসুমের পর গ্যাবায় কোনো টেস্ট হারেনি অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার কারোর ব্যাপারে কোনো ভীতি নেই জানিয়ে কুক বলেন, “আমরা কাউকে ভয় পাই না। আমরা নিজের কাজটি করতেই মাঠে নামবো। আমরা লড়াকু একটি দল। কোনো দলকে ভয় পাওয়ার কিছু নেই। মানুষ আমাদের সম্পর্কে কি বলছে তা নিয়ে আমরা ভাবিত নই। কাল প্রথম ঘণ্টায় কিভাবে খেলব সেটাই ভাবছি আমরা।”

চরম উত্তেজনার অ্যাশেজ সিরিজে আম্পায়ারদের জীবন কিছুটা সহজ করার জন্য এবার হট স্পটের পাশাপাশি ব্যবহার করা হবে ‘রিয়েল-টাইম স্নিকো’ প্রযুক্তি। সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিতে (ডিআরএস) হট স্পটের সঙ্গে নতুন এই প্রযুক্তির সহায়তায় বল ব্যাটের কানায় লেগেছে কিনা, তা আরো নির্ভুলভাবে বুঝতে পারবেন তারা।