২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজে 'রিয়েল-টাইম স্নিকো'

চরম উত্তেজনার অ্যাশেজ সিরিজে আম্পায়ারদের জীবন কিছুটা সহজ করার জন্য ব্যবহার করা হবে ‘রিয়েল-টাইম স্নিকো’ প্রযুক্তি। সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিতে (ডিআরএস) হট স্পটের সঙ্গে নতুন এই প্রযুক্তির সহায়তায় বল ব্যাটের কানায় লেগেছে কিনা, তা আরো নির্ভুলভাবে বুঝতে পারবেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 04:56 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

হটস্পটে ‘থার্মাল ইমেজিং’ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেখা হয়, বল ব্যাটের কানা ছুঁয়েছে কিনা। আর স্নিকো প্রযুক্তিতে শব্দ তরঙ্গের গ্রাফের মাধ্যমে তা নির্ণয় করা হয়।

অস্ট্রেলিয়ায় আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের ফিরতি সিরিজে ডিআরএসে হট স্পট ও রিয়েল-টাইম স্নিকো প্রযুক্তি যুক্ত হচ্ছে বলে জানিয়েছে সিরিজটির সম্প্রচার সত্ত্ব পাওয়া চ্যানেল নাইন।

Image
হটস্পটে ‘থার্মাল ইমেজিং’ এর মাধ্যমে দেখা হয়, বল ব্যাটের কানা ছুঁয়েছে কিনা।

হটস্পটে ‘থার্মাল ইমেজিং’ এর মাধ্যমে দেখা হয়, বল ব্যাটের কানা ছুঁয়েছে কিনা।

Image
স্নিকো প্রযুক্তিতে শব্দ তরঙ্গের গ্রাফের মাধ্যমে বল-ব্যাটের সংস্পর্শ নির্ণয় করা।

স্নিকো প্রযুক্তিতে শব্দ তরঙ্গের গ্রাফের মাধ্যমে বল-ব্যাটের সংস্পর্শ নির্ণয় করা।

চ্যানেল নাইনের নির্বাহী প্রযোজক ব্রাড ম্যাকনামারা জানান, হট স্পট ও রিয়েল-টাইম স্নিকো ব্যবহারের জন্য তারা এ দুটো প্রযুক্তি সরবরাহকারী বিবিজি স্পোর্টসের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এ দুটি প্রযুক্তি ব্যবহারে সম্মতি আছে।

আর আইসিসি এই অ্যাশেজে নতুন 'রিয়েল-টাইম স্নিকো' প্রযুক্তি বাজিয়ে দেখবে ভবিষ্যতে এটির আরো ব্যবহার অনুমোদন করার আগে।

আগে শব্দ তরঙ্গের গ্রাফের সঙ্গে ভিডিওচিত্র একসঙ্গে মেলানোর প্রক্রিয়াটা সময়সাপেক্ষ ছিল বলে ডিআরএস ব্যবস্থায় স্নিকো প্রযুক্তি ব্যবহার করা যেতো না। কিন্তু এখন নতুন 'রিয়েল-টাইম স্নিকো' প্রযুক্তিতে সঙ্গেসঙ্গেই তা করা যাবে বলে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বাড়তি একটি হাতিয়ার পাচ্ছেন।

গত জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের অ্যাশেজে ডিআরএস -এর ব্যবহার নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

এছাড়া এই অ্যাশেজ সিরিজ থেকেই ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে নিয়মটা পাল্টাচ্ছে। আগের নিয়মে পুরো ইনিংসে মোট দু'বার এই সুযোগ পেত একটি দল। এখন ৮০ ওভারের পর নতুন করে আরো দুইবার আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে ‘রিভিউ’ চাওয়ার সুযোগ পাওয়া যাবে। তবে আগের রিভিউ চাওয়ার সুযোগ অবশিষ্ট থাকলে তা যোগ হবে না; ৮০ ওভারের পর দুটি রিভিউ চাওয়ার সুযোগ দিয়েই খেলা চলবে।