২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টে জয় দেখছে অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার ও মাইকেল ক্লার্কের শতকে ব্রিসবেন টেস্টে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। শনিবার অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্যটা প্রায় অসম্ভব ৫৩৭ রানের, এরই মধ্যে দু'টি উইকেট হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 03:59 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ‘রাজত্ব’

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে ৭ উইকেটে ৪০১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ৫৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাইকেল কারবেরি ও জোনাথন ট্রটের দ্রুত বিদায়ে ভীষণ বিপদে পড়ে ইংল্যান্ড। দিনশেষে অতিথিদের সংগ্রহ ২ উইকেটে ২৪ রান।

জিততে হলে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করার রেকর্ডের (৪১৮) চেয়েও ১৪৩ রান বেশি করতে হবে ইংল্যান্ডকে। তাই বৃষ্টির সহায়তা ছাড়া ম্যাচ বাঁচানো কঠিন হবে অতিথিদের।

গ্যাবায় শুক্রবার ইংল্যান্ডকে ১৩৬ রানে অলআউট করে বোলাররা স্বাগতিকদের চালকের আসনে বসিয়েছিল। তৃতীয় উইকেটে ১৫৮ রানের চমৎকার জুটি উপহার দেয়া ওয়ার্নার ও ক্লার্ক ম্যাচ থেকে ইংল্যান্ডকে আরো দূরে সরিয়ে দেন।

১৫৪ বলে ১২৪ রানের চমৎকার ইনিংস খেলেছেন ওয়ার্নার। ইংল্যান্ডের বিপক্ষে এটি তার প্রথম আর সব মিলিয়ে চতুর্থ টেস্ট শতক। ১৩০ বলে ১১৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলা ক্লার্ক পেয়েছেন ষষ্ঠ অ্যাশেজ শতক। ৯৮ টেস্ট খেলা ক্লার্কের এটি ২৫তম শতক।

১৯৮৬ সালের পর গ্যাবায় কোনো টেস্ট না হারা অস্ট্রেলিয়া ফিরেছে স্বরূপে। এক সময় ক্রিকেট বিশ্বকে শাসন করা অস্ট্রেলিয়ার ক্রিকেটে সাম্প্রতিক দিনগুলোতে এমন দৃশ্য বিরল। ভারত ও ইংল্যান্ডে টানা দুটি টেস্ট সিরিজে একটি ম্যাচেও জিততে পারেনি তারা।

বিনা উইকেটে ৬৫ রান নিয়ে অস্ট্রেলিয়া দিনের খেলা শুরু করে। স্টুয়ার্ট ব্রডের প্রথম বলে পয়েন্টে ক্যাচ দিয়ে রজার্সের বিদায়ে কাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’ পায় অতিথিরা।

৯৯ রানে একটু চাপে পড়লেও জো রুটের বলে কাভার দিয়ে দুই রান নিয়ে শতকে পৌঁছান ওয়ার্নার। চলতি বছরের প্রথম অ্যাশেজের আগে এই রুটের মুখেই আঘাত করে শাস্তি পেয়েছিলেন মেজাজি এই উদ্বোধনী ব্যাটসম্যান।

প্রথম টেস্টে হতাশ করেছেন অফস্পিনার গ্রায়েম সোয়ান। ২ উইকেট নিলেও ১৩৫ রান দিয়েছেন তিনি।

রজার্স (১৬), শেন ওয়াটসন (৬) ও স্টিভেন স্মিথ (০) দ্রুত বিদায় নিলেও রান পেয়েছেন জর্জ বেইলি। দুটি ছক্কার সাহায্যে ৩৪ রান করেন অভিষিক্ত এই ব্যাটসম্যান।

প্রথম ইনিংসে ৯৪ রান করা ব্র্যাড হ্যাডিন দ্বিতীয় ইনিংসেও সফল। ৫৪ বলে ৫৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেছেন তিনি। ৩৯ রানে অপরাজিত ছিলেন মিচেল জনসন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রায়ান হ্যারিসের বল ঠিকভাবে খেলতে না পেরে বোল্ড হয়ে যান কারবেরি। আর জনসনের বলে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন ইংল্যান্ডের অন্যতম ব্যাটিং ভরসা ট্রট।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২৯৫ (হ্যাডিন ৯৪, জনসন ৬৪, ওয়ার্নার ৪৯; ব্রড ৬/৮১) ও ৪০১/৭ ডিক্লে. (রজার্স ১৬, ক্লার্ক ১২৪, ওয়াটসন ৬, ক্লার্ক ১১৩, স্মিথ ০, বেইলি ৩৪, হ্যাডিন ৫৩, জনসন ৩৯*, সিডল ৪*; ট্রেমলেট ৩/৬৯, ব্রড ২/৫৫, সোয়ান ২/১৩৫)।

ইংল্যান্ড: ১৩৬ (কারবেরি ৪০, ব্রড ৩২; ৪/৬১, হ্যারিস ৩/২৮) ও ২৪/২ (কুক ১১, কারবেরি ০, ট্রট ৯, পিটারসেন ৩; হ্যারিস ১/৭, জনসন ১/৭)।