২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ‘রাজত্ব’

প্রথম দিন শেষে কিছুটা অস্বস্তিতে থাকলেও ব্রিসবেনে দ্বিতীয় দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের প্রথম ইনিংস ১৩৬ রানে শেষ করে ১৫৯ রানের লিড পাওয়া স্বাগতিক দল দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ৬৫ রান নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 02:17 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

সব মিলিয়ে অস্ট্রেলীয়রা এগিয়ে ২২৪ রানে। হাতে আছে দ্বিতীয় ইনিংসের ১০টি উইকেট।

শুক্রবার ‘গ্যাবা’ নামে পরিচিত ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ৮ উইকেটে ২৭৩ রান নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ২৯৫ রানে।

প্রথম দিন শেষে ৭৮ রানে অপরাজিত ব্র্যাড হ্যাডিন মাত্র ৬ রানের জন্য শতকের দেখা পাননি। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের জন্য দুঃখের কথা, শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। ৯৪ রান করা হ্যাডিনের ১৫৩ বলের ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা।

৮১ রানে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ব্রড।

জবাবে ব্যাট করতে নেমে মাইকেল কারবেরির ৪০ রানের সুবাদে ২ উইকেটে ৮২ রানে পৌঁছালেও মিচেল জনসন, রায়ান হ্যারিস ও নাথান লিয়নের মারাত্মক বোলিংয়ে মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া অতিথিরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

শততম টেস্ট খেলতে নামা কেভিন পিটারসেনকে (১৮) ফিরিয়ে ধসের সূচনা করেন হ্যারিস। এরপর জনসন কারবেরিকে আউট করার পরের ওভারে লিয়ন ইয়ান বেল ও ম্যাট প্রায়রকে পর-পর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন।

ব্রড এসে সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেও জনসনের করা তার পরের ওভারেই জো রুট আউট। দুই ওভার পর গ্রায়েম সোয়ানও এই বাঁহাতি পেসারের শিকার। ২ উইকেটে ৮২ থেকে ইংল্যান্ড তখন ৮ উইকেটে ৯১ রানে পরিণত।

প্রথম দিন ৬৪ রানের চমৎকার ইনিংস খেলা জনসন ৬১ রানে ৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার। কারবেরি, রুট ও সোয়ানকে পর-পর তিন ওভারে ফিরিয়ে তিনিই ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ করে দিয়েছেন।

২৮ রানের বিনিময়ে হ্যারিসের শিকার তিনটি। লিয়ন দুই উইকেট নিলেও এই অফস্পিনারের ৯ ওভারে মাত্র ১৭ রান এসেছে। এর মধ্যে চারটি ছিল মেইডেন ওভার।

জনসনের মতো ব্রডও অলরাউন্ড নৈপুণ্যে ভাস্বর। তার ৩২ রানের সুবাদে ১৩৬ পর্যন্ত যেতে পেরেছে ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলীয়দের ভালো সূচনা এনে দেয়ার কৃতিত্ব ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্সের।

গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় পানশালায় জো রুটের মুখে ঘুঁষি মেরে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাশেজে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ওয়ার্নার ব্যাট করছেন ৪৫ রান নিয়ে। সঙ্গী রজার্স ১৫ রানে অপরাজিত।

১৯৮৬ সালের পর থেকে গ্যাবায় টেস্টে অপরাজিত অস্ট্রেলিয়া। গত অ্যাশেজে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত অস্ট্রেলীয়দের সামনে সেই গ্যাবাতেই জয়ের হাতছানি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২৯৫ (হ্যাডিন ৯৪, জনসন ৬৪, ওয়ার্নার ৪৯; ব্রড ৬/৮১) ও ৬৫/০ (রজার্স ১৫*, ওয়ার্নার ৪৫*)

ইংল্যান্ড: ১৩৬ (কুক ১৩, কারবেরি ৪০, ট্রট ১০, পিটারসেন ১৮, বেল ৫, রুট ২, প্রায়র ০, ব্রড ৩২, সোয়ান ০, ট্রেমলেট ৮, অ্যান্ডারসন ২*; জনসন ৪/৬১, হ্যারিস ৩/২৮, লিয়ন ২/১৭, সিডল ১/২৪)