২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি কাটাতে মাসুরিতে টেন্ডুলকার

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মাসুরি তার অন্যতম প্রিয় বেড়ানোর জায়গা। অবসরের পর তাই সবার আগে এই পাহাড়ি শহরটিতে ছুটে গেছেন শচীন টেন্ডুলকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 01:38 AM

Updated : 25 Apr 2022, 07:33 PM

একটি ভাড়া করা বিমানে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের জলিগ্র্যান্ট বিমানবন্দরে সপরিবারে পৌঁছানোর পর সরাসরি মাসুরিতে চলে যান ভারতের ক্রিকেট-কিংবদন্তি।

মাসুরিতে বরাবরের মতো এবারো তার ঠিকানা বন্ধু ও ব্যবসার অংশীদার সঞ্জয় নারাংয়ের হোটেল।

বড়দিনের ছুটি কাটাতে ও নববর্ষ উদযাপন করতে মাসুরিতে অনেক বার গেছেন টেন্ডুলকার। গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার পরও সপরিবারে সেখানে গিয়েছিলেন তিনি।

গত শনিবার ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক আবেগঘন পরিবেশে দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট-জীবনের সমাপ্তি টানেন ইতিহাসের সফলতম ব্যাটসম্যান টেন্ডুলকার।

তার পর থেকেই তার ভবিষ্যত নিয়ে ক্রিকেট-ভক্তদের মধ্যে নানা গুঞ্জন, জল্পনা-কল্পনা চলছে। প্রিয় জায়গায় বেড়াতে গিয়ে টেন্ডুলকার যেন সবাইকে জানিয়ে দিলেন, আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানো, পরিবারের সদস্যদের সময় দেয়াই তার প্রধান লক্ষ্য।