নিজের টেস্টে মঞ্চে টেন্ডুলকার
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিভরা দর্শকদের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। বিদায়ী টেস্টে তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে ব্যাটিংয়ে নেমেছেন ক্রিকেটের ‘মহানায়ক’ শচীন টেন্ডুলকার। ওয়েস্ট ইন্ডিজকে ১৮২ রানে অলআউট করে দেয়া স্বাগতিকদের দিন শেষে সংগ্রহ ২ উইকেটে ১৫৭ রান। প্রতিপক্ষের চেয়ে মাত্র ২৫ রান পিছিয়ে তারা।
টেন্ডুলকারময় মুম্বাই টেস্টে তার চিত্রখচিত সোনার মুদ্রা দিয়ে করা টস জিতে উইকেটের চরিত্র বুঝে ফিল্ডিং বেছে নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ড্যারেন স্যামি জিতলেও তাই করতেন। কিন্তু দর্শকদের তা বোঝাবে কে? তারা টেন্ডুলকারকে ব্যাট করতে দেখতে চান।
দর্শকদের দাবি অনুযায়ী ব্যাটিং করে সে সুযোগ করে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাই। টেন্ডুলকারের জন্যই তো তাদের ভারত সফরে আসা। কৃতিত্ব অবশ্য দুই স্পিনার প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিনের। তাদের ঘূর্ণিতেই অতিথি ব্যাটসম্যানরা বিধ্বস্ত।
ক্যারিবীয়দের গুটিয়ে দিয়ে চা-বিরতিতে যায় ধোনির দল। ২০ মিনিটের বিরতির পর ব্যাট করতে নেমে ভারতকে আক্রমণাত্মক সূচনা এনে দেন শিখর ধাওয়ান ও মুরালি বিজয়। ২৮ বলে ৩৩ রান করে ধাওয়ান শেন শিলিংফোর্ডের শিকারে পরিণত হলে ভেঙ্গে যায় মাত্র ৮০ বলে ৭৭ রানের উদ্বোধনী জুটি।
শিলিংফোর্ডের সেই ওভারে আবার আঘাত। ধাওয়ান আউট হওয়ার পরের বল ফ্রন্ট ফুটে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন বিজয়। তার পরের বলেই তিনি ৪৩ রান করে স্যামির হাতে ক্যাচ দিলে হতাশার বদলে উল্লসিত হয়ে উঠে পুরো স্টেডিয়াম। স্টেডিয়াম জুড়ে ‘শচীন’, ‘শচীন’ চিৎকারের মধ্যে ব্যাট করতে নামেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। এ সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রাও ‘গার্ড অব অনার’ দেন টেন্ডুলকারকে।
কলকাতায় প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ১০ রানের বেশি করতে পারেননি টেন্ডুলকার। সেদিন অবশ্য আম্পায়ার নাইজেল লংয়ের বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লিউ হয়ে যান তিনি। তবে জীবনের ২০০তম ও শেষ টেস্টে ভক্তদের হতাশ করেননি। তৃতীয় উইকেটে চেতেশ্বর পুজারার সঙ্গে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়ে ভারতকে পৌঁছে দিয়েছেন স্বস্তিকর জায়গায়।
এই ম্যাচের ফলাফল নিয়ে অবশ্য ক্রিকেট-পাগল ভারতীয়দের তেমন আগ্রহ নেই। তাদের চিন্তা-ভাবনা জুড়ে শুধুই টেন্ডুলকার। বেশ কয়েকটি চোখ ধাঁধানো শট খেলে ভক্তদেরও মন ভরিয়ে দিয়েছেন ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।
বৃহস্পতিবার ১০০ মিনিটের মতো ক্রিজে ছিলেন।এ সময় ধ্রুপদী কাভার ড্রাইভ থেকে শুরু করে তার সিগনেচার শটের কয়েকটি খেলেছেন। এই প্রথম টেন্ডুলকারের খেলা দেখতে তার মা মাঠে উপস্থিত। বিশাল পর্দায় বারবার মা, স্ত্রী, পুত্র-কন্যার ছবি দেখানো হলেও মনোসংযোগ হারাননি।
অনায়াসে পাঞ্চ করে পাওয়া চার রান সেরা ছন্দের টেন্ডুলকারকেই মনে করিয়ে দিয়েছে। ৬টি চারের প্রথম দুটো ছিল অফস্পিনার শিলিংফোর্ডের একই ওভারে। প্রথমটি পয়েন্ট দিয়ে, পরেরটি মিড-অফ দিয়ে ড্রাইভ করে।
দিন শেষে ৭৩ বলে ৩৮ রানে অপরাজিত টেন্ডুলকার। তার সঙ্গী পুজারা অপরাজিত ৩৪ রানে।
ক্রিকেটের মহাতারকার বিদায়ী টেস্টের প্রথম দিনের নায়ক অবশ্য ওঝা ও অশ্বিন। দিনের ষষ্ঠ ওভারেই ক্রিস গেইলকে (১১) গালিতে রোহিত শর্মার ক্যাচ বানিয়ে ভারতকে ‘ব্রেক থ্রু’ এনে দেন মোহাম্মদ সামি।
গেইলের আরেকটি ব্যর্থতায় ২৫ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভোর সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কাইরন পাওয়েল।
মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে ব্রাভোকে (২৯) কট বিহাইন্ড করে ১৮.৪ ওভার স্থায়ী প্রতিরোধ ভাঙ্গেন অফস্পিনার অশ্বিন।
২ উইকেটে ৯৩ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সেশনে ৮৯ রান করলেও হারিয়ে ফেলে শেষ ৮ উইকেট। অতিথিদের শেষ ৯ উইকেটের পতন মাত্র ৯৬ রানে।
মধ্যাহ্ন-বিরতির পর শুরু বাঁহাতি স্পিনার ওঝার ঘূর্ণি-জাদু। সর্বোচ্চ ৪৮ রান করা পাওয়েল তার প্রথম শিকার। চতুর্থ উইকেটে শিবানারায়ণ চন্দরপলের সঙ্গে ৪৩ রানের জুটি গড়া মারলন স্যামুয়েলসকেও (১৯) ফিরিয়ে দেন ওঝা।
টেন্ডুলকারের বিদায়ী টেস্টের কারণে অনেকখানি আড়ালে পড়ে যাওয়া চন্দরপলও একটা অর্জনে উদ্ভাসিত এই টেস্টে। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের এটা ১৫০তম টেস্ট।
বহু বার দলকে বিপদ থেকে উদ্ধার করলেও জীবনের স্মরণীয় টেস্টের প্রথম ইনিংসে বেশি কিছু করতে পারেননি চন্দরপল। ভুবনেশ্বর কুমারের বলে অশ্বিনকে ক্যাচ দিয়ে ২৫ রান করে ফিরতে হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে।
চন্দরপলের বিদায়ের পর আক্রমণাত্মক খেলার চেষ্টা করা নরসিং দিওনারায়ণও বেশি দূর যেতে ব্যর্থ। ২৪ বল খেলে ২১ রান করা দিওনারায়ণকে ফেরান অশ্বিন।
এরপর বেশিক্ষণ টিকতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে ১৬২ থেকে আর ২০ রান যোগ করেই তারা অলআউট।
৪০ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ওঝা। ২৪তম টেস্ট খেলতে নেমে ষষ্ঠবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। অশ্বিনের ৩ উইকেটের পেছনে খরচ ৪৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৮২ (গেইল ১১, পাওয়েল ৪৮, ব্রাভো ২৯, স্যামুয়েলস ১৯, চন্দরপল ২৫, দিওনারায়ণ ২১, রামদিন ১২*, স্যামি ০, শিলিংফোর্ড ০, বেস্ট ০, গ্যাব্রিয়েল ১; ওঝা ৫/৪০, অশ্বিন ৩/৪৫, সামি ১/৩৬, ভুবনেশ্বর ১/৪৫)
ভারত প্রথম ইনিংস: ১৫৭/২ (বিজয় ৪৩, ধাওয়ান ৩৩, পুজারা ৩৪*, টেন্ডুলকার ৩৮*; শিলিংফোর্ড ২/৪৬)
