শেখ জামালকে হারিয়ে সুপার সিক্সে ব্রাদার্স
কাগজে কলমে প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। এই হারে প্রতিযোগিতা শেষ হয়ে গেছে শেখ জামালের।
শনিবার বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫০ রান করে শেখ জামাল।
সর্বোচ্চ ৪৫ রান জুনায়েদ সিদ্দিকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন আট নম্বর ব্যাটসম্যান তানভীর হায়দার। ব্রাদার্সের পক্ষে অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ ২৯ রানে ৩ উইকেট নেন। তবে ১০ ওভারে মাত্র ১৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় সানজামুল ইসলাম।
জবাবে ৩৬ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।
সর্বোচ্চ ৪৪ রান নাফীস ইকবালের। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে মেহরাব হোসেন জুনিয়রের ব্যাট থেকে।
১০ খেলায় পঞ্চম জয় পাওয়া ব্রাদার্সের পয়েন্ট ১১। অন্যদিকে সমান খেলায় পঞ্চম হার দেখা শেখ জামালের পয়েন্ট ১০।
