২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কোচ জার্গেনসেনের সন্তুষ্টি

নিউ জিল্যান্ডের কাছে একমাত্র টি-টোয়েন্টিতে হেরে গেলেও পুরো সিরিজে বাংলাদেশ দলের খেলায় সন্তুষ্ট প্রধান কোচ শেন জার্গেনসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 08:46 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই সিরিজে ছেলেরা অসাধারণ খেলেছে। আগে সিরিজ চলার সময় চাপ জয় নিয়ে আমাকে অনেক কাজ করতে হতো। কিন্তু এবার তা করতে হয়নি।”

জার্গেনসেনের মতে, এবারের সিরিজে বাংলাদেশের তিন সেরা খেলোয়াড় মুমিনুল হক, সোহাগ গাজী ও অধিনায়ক মুশফিকুর রহিম।

এই তিন জনের প্রশংসা করে তিনি বলেন, “মুমিনুল টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করেছে। ওয়ানডেতেও খেলার মেজাজ পাল্টে দিয়েছে ওর ব্যাটিং। পুরো সিরিজে গাজী চমৎকার অবদান রেখেছে। আর মুশফিক ছিল এক কথায় অসাধারণ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সে। আজও ওর ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছিল।”

দলের সবচেয়ে বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া কয়েকটি ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে। চোটের কারণে পাওয়া যায়নি পেসার শফিউল ইসলামকে। বুধবার সকালে জ্বরে পড়েন আরেক পেসার রুবেল হোসেন। তাদের অনুপস্থিতিতেও দল ভালো খেলেছে বলে মনে করেন কোচ।

নিউ জিল্যান্ডের সঙ্গে লড়াই করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টে ১৮১ রানের চমকার এক ইনিংস খেলেছেন মুমিনুল। সেই টেস্টেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শতক ও হ্যাটট্রিক করেন সোহাগ।

ঢাকায় দ্বিতীয় টেস্টে আবার শতক করেন মুমিনুল। দুই ম্যাচের সিরিজে ৩৭৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দুই ইনিংসেই অর্ধশতক করেন তামিম। ৫ উইকেট নেন সাকিব।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেন পেসার রুবেল হোসেন। দ্বিতীয় ম্যাচে দলীয় প্রচেষ্টায় জয় পায় বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে শামসুর রহমান ও নাঈম ইসলামের অর্ধশতক এবং নাসির হোসেনের চমৎকার ফিনিশিংয়ে নিউ জিল্যান্ডকে টানা সপ্তম ওয়ানডেতে হারায় বাংলাদেশ।

বুধবার শেষ ম্যাচ টি-টোয়েন্টিতে জিততে না পারলেও ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ রানে রানে হেরেছে বাংলাদেশ।