২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই বছর শেষ করতে চান জার্গেনসন

আন্তর্জাতিক ক্রিকেটে চমৎকার একটি বছর কাটছে বাংলাদেশের। নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি চলতি বছর তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। জয় দিয়ে বছরটা শেষ করার পরিকল্পনা বাংলাদেশের প্রধান কোচ শেন জার্গেনসেনের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

এ বছর শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ডের সঙ্গে দু'টি করে ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে ১-০ ব্যবধান হারলেও জিম্বাবুয়ে (১-১) ও নিউ জিল্যান্ডের (০-০) বিপক্ষে শেষ দুটি সিরিজ ড্র করে বাংলাদেশ।

তিনটি সিরিজেই তিনটি করে ওয়ানডে খেলেছে মুশফিকুর রহিমের দল। শ্রীলঙ্কার সঙ্গে ১-১ ব্যবধানে ড্রয়ের পর জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় তারা। তবে সর্বশেষ সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে বাংলাদেশের ক্রিকেট এখন নতুন উচ্চতায়।

শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি হারলেও জিম্বাবুয়ের সঙ্গে ক্রিকেটের নতুন এই সংস্করণের দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ ড্র করে ১-১ ব্যবধানে। নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচটি জিতে বছরের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিততে চান জার্গেনসেন।

হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এ বছর আমরা ভালো খেলছি। জয়ের ব্যাপারে আশাবাদী। জয় দিয়েই বছর শেষ করতে চাই আমরা।”

এক বছরে মাত্র ৬টি টেস্ট, ৯টি ওয়ানডে আর চারটি টি-টোয়েন্টি খেলার সুযোগ মেলায় ভীষণ হতাশ জার্গেনসেন। বেশি ম্যাচ না খেলায় বাংলাদেশের উন্নতিটা আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পারছেন না বলে মনে করেন তিনি।

“আমরা ম্যাচ অনেক খেলি না। তাই খুব ভালো করার পরও র‌্যাঙ্কিংয়ে খুব একটা হেরফের হয় না। এ জন্য আমাদের আরো অনেক বেশি ম্যাচ খেলতে হবে।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স জিম্বাবুয়ে থেকে ফিরে চার মাসের কঠোর পরিশ্রমের ফল বলে মনে করেন জার্গেনসেন।

“জিম্বাবুয়ে কঠিন সময় কেটেছে। সেখান থেকে ফিরে গত চার মাস ছেলেরা অনেক পরিশ্রম করেছে। সে জন্য সাকিব আর তামিমকে ছাড়াও জিততে পেরেছে তারা।”