ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে কোহলি
দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ভারতের বিরাট কোহলি।
বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষেও পরিবর্তন হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছয় উইকেট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমল। তার রেটিং পয়েন্ট ৭৬৮।
৭৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনীল নারায়ণ। আজমলের উত্থানে শীর্ষস্থান হারানো ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার অবস্থান তৃতীয়।
ভারত-অস্ট্রেলিয়া সদ্য সমাপ্ত ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি শতকসহ ১১৪.৬৬ গড়ে ৩৪৪ রান করেন কোহলি। এই দুই শতকের একটি আবার ভারতের পক্ষে দ্রুততম।
বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-২ ব্যবধানে সিরিজ জয়ে (দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ‘বিরাট’ অবদান রাখা কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭, আর আমলার ৮৪৪।
এই সিরিজেই একটি শতক ও দুটি অর্ধশতকসহ ৪৭৮ রান করে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া জর্জ বেইলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে উজ্জ্বল রোহিত শর্মার র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে। ২৫ ধাপ এগিয়ে তার অবস্থান পঞ্চদশ। এই সিরিজের শেষ ম্যাচে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দ্বিশতক করেছেন রোহিত। সিরিজে তার মোট রান ৪৯১। দ্বি-পক্ষীয় সিরিজে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন সাকিব আল হাসান, ২২তম স্থানে। বোলারদের মধ্যে সেরা অবস্থান আব্দুর রাজ্জাকের। এই বাঁহাতি স্পিনারের অবস্থান একাদশ।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন সাকিব। শীর্ষে যথারীতি পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
