২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে হারিয়ে তৃতীয় স্থানে মোহামেডান

ব্রাদার্স ইউনিয়নকে ২৩ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 07:00 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

৯টি করে ম্যাচ খেলে মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের সংগ্রহ ১২ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দোলেশ্বর আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট পেলেও শ্রেয়তর রান রেট গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে রেখেছে সবার ওপরে।

রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে।

টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮২ রান করে মোহামেডান। ম্যাচ সেরা রাজিন সালেহর ব্যাট থেকে আসে ৯০ রান। ৮৯ বলের ইনিংসটিতে ১৩টি চার।

এছাড়া এজাজ আহমেদ ৫১ ও আফগানিস্তানের আসগর স্তানিকজাই ৪৭ রান করে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন মোহামেডানকে।

ব্রাদার্সের পক্ষে দুটি করে উইকেট নেন সানজামুল ইসলাম ও জিম্বাবুয়ের শন আর্ভিন।

জবাবে শ্রীলঙ্কার থিলান সামারাবীরার ৭৮ ও সানজামুলের অপরাজিত ৫৩ রান জয়ের আশা জাগালেও ৯ উইকেটে ২৫৯ রানে থেমে যায় ব্রাদার্সের ইনিংস।

৫১ রানে তিন উইকেট নিয়ে মোহামেডানের সফলতম বোলার হাবিবুর রহমান। অফস্পিনে আফগানিস্তানের মোহাম্মদ নবীর শিকার দুই উইকেট।