২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুরের ৪ রানের হতাশা

মাত্র চার রানের জন্য আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক পেলেন না শামসুর রহমান। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৬ রান করে সাজঘরে ফিরেন এই ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

তবে তিনিই বাংলাদেশকে ৪ উইকেটের জয়ের ভিত গড়ে দেন। শামসুরের প্রথম অর্ধশতকে শুরু থেকেই কক্ষপথে ছিল বাংলাদেশ। তার দেখানের পথ ধরেই নাঈমের দুর্দান্ত অর্ধশতক আর নাসির হোসেনের চমৎকার ফিনিশিংয়ে ৪ বল বাকি থাকতেই দ্বিতীয় সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া জেতে স্বাগতিকরা।

এনামুল হকের বাজে ফর্মের কারণে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয় ডানহাতি এই ব্যাটসম্যানের। ২৫ রানের অভিষেক ইনিংসে দুটি ছক্কা হাঁকালেও স্বভাব সুলভ ব্যাটিং করতে পারেননি তিনি।

রোববার ফতুল্লায় নিউ জিল্যান্ডের দেয়া ৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাবলীল ব্যাটিং করেছেন। খেলেছেন আত্মবিশ্বাসী সব শট।

৬টি চার আর দুটি ছক্কা হাঁকিয়ে মাত্র ৪৮ বলে পৌঁছান ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে। ১০৭ বলে ৯৬ রানে কোরি অ্যান্ডারসনের বলে ব্যাটের কানায় লেগে লুক রঞ্চির গ্লাভসবন্দী হওয়ার আগে আরো একটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

এ রান করার পথে জিয়াউর রহমানের সঙ্গে ৬১, মুমিনুল হকের সঙ্গে ৬৫ ও নাঈম ইসলামের সঙ্গে ৭৫ রানের চমৎকার তিনটি জুটি উপহার শামসুর।