২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিগের শীর্ষেই থাকলো গাজী ট্যাঙ্ক

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষস্থান ধরে রাখলো গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তিন উইকেটে জিতেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 05:05 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

আট ম্যাচ খেলে শীর্ষে থাকা গাজী ট্যাঙ্কের পয়েন্ট ১২। সমান ম্যাচ শেষে প্রাইম দোলেশ্বর ও মোহামডান স্পোটিং ক্লাব লিমিটিডের পয়েন্ট সমান ১০ হলেও রান রেটে এগিয়ে দোলেশ্বর।

টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে প্রাইম ব্যাংক। ৭৫ রানে প্রথম পাঁচ উইকেট হারায় তারা। তাইবুর রহমান পারভেজের ৬৩ রানের সুবাদে সে ধাক্কা কাটিয়ে উঠতে পারলেও লড়াই করার মতো যথেষ্ট রান করতে পারেনি দলটি। পারভেজের ৮৬ বলের ইনিংসে ছিল চারটি চারের মার।  

দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করে করেন ইংল্যান্ডের রবি বোপারা ও মাহমুদুল হাসান।

গাজী ট্যাঙ্কের পক্ষে ২৮ রানে তিন উইকেট নিয়ে সফল বোলার নিউ জিল্যান্ডের জ্যাকব ওরাম। এছাড়া দুটি উইকেট নেন স্পিনার আরাফাত সানি।

জবাবে ৪৪ রানে তিন উইকেট হারালেও ১১৪ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন রকিবুল হাসান ও পাকিস্তানের আশার জাইদি। ১০৪ বলে চারটি চারের সাহায্যে রকিবুল করেন ৫৫ রান। আর ৬২ বলে আটটি চার ও তিন ছক্কায় ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাচসেরা জাইদি।

১৯ রানের মধ্যে জাইদী ও রকিবুলসহ চার উইকেটের পতন ঘটলে কিছুটা বিপদে পড়ে যায় গাজী ট্যাঙ্ক। তবে শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

৩৩ রানে তিন উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সবচেয়ে সফল বোলার বোপারা।