সহজ জয়ে সমতায় পাকিস্তান
দ্বিতীয় ওয়ানডেতে ২০৯ রান করেও বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৬৬ রানে হারিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজে তাই এখন ১-১ সমতা।
বুধবার প্রথম ওয়ানডে নাটকীয়ভাবে ১ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে অলআউট হওয়া পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান আসে আহমেদ শেহজাদের ব্যাট থেকে।
মোহাম্মদ হাফিজ (২৬), শহীদ আফ্রিদি ২৬ ও মিসবাহ-উল-হক (২৫) বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগালেও বেশি দূর যেতে পারেননি।
মিসবাহ অবশ্য একটা কীর্তি গড়েছেন। ওয়ানডেতে পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে এক পঞ্জিকা বর্ষে এক হাজার রান করেছেন তিনি।
৩৪ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রায়ান ম্যাকলারেন। ৩৮ রানে ৩ উইকেট নেন মর্নে মরকেল।
জবাবে ৪০.৪ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বোলিংয়ের পর ব্যাট হাতেও সফল ম্যাকলারেন। তবে তিনি ২৯ রানে অপরাজিত থাকলেও বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান ডুমিনির। ওয়েইন পার্নেলের অবদান ২১ রান।
তিনটি করে উইকেট নেন আফ্রিদি ও মোহাম্মদ ইরফান। ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকাতেই দলের জয়ে অবদান রাখায় ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে আফ্রিদির হাতে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২০৯ (জামশেদ ১, শেহজাদ ৫৮, হাফিজ ২৬, মিসবাহ ২৫, আমিন ১৪, উমর আকমল ১৮, আফ্রিদি ২৬, তানভীর ৯, ওয়াহাব ১৮, আজমল ০, ইরফান ০*; ম্যাকলারেন ৪/৩৪, মর্কেল ৩/৩৮, তাহির ১/২৮, পার্নেল ১/৪৯)
দক্ষিণ আফ্রিকা: ৪০.৪ ওভারে ১৪৩ (স্মিথ ১৪, ইনগ্রাম ৪, ডুমিনি ২৫, ডি ভিলিয়ার্স ১০, দু প্লেসি ১২, মিলার ১১, ম্যাকলারেন ২৯*, পার্নেল ২১, মর্কেল ৫, সোতসোবে ৪, তাহির ৩; আফ্রিদি ৩/২৬, ইরফান ৩/৫৩, আজমল ২/১৫, তানভীর ১/১৫, হাফিজ ১/২৫)
ফলাফল: পাকিস্তান ৬৬ রানে জয়ী
ম্যাচ সেরা: শহীদ আফ্রিদি।
