২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোথামের ‘চ্যারিটি ওয়াক’ শুরু

শুক্রবার থেকে শ্রীলঙ্কায় শুরু হয়েছে ইয়ান বোথামের বহুল প্রতীক্ষিত ‘চ্যারিটি ওয়াক’। প্রায় দুই হাজার মানুষের করতালির মধ্য দিয়ে হাঁটা শুরু করেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 09:52 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

দেশটির উত্তরাঞ্চলীয় শহর কিলিনোচ্চি থেকে শুরু হওয়া ১৬০ কিলোমিটার দীর্ঘ এই ‘চ্যারিটি ওয়াক’ চলবে ৮ দিন ধরে। এই মহৎ উদ্যোগ শেষ হবে দক্ষিণ শ্রীলঙ্কার সিনিগামা ক্রিকেট মাঠে।

সারা দিনে মোট দূরত্বের আট ভাগের এক ভাগ ২০ কিলোমিটার হাঁটার লক্ষ্যে শুক্রবার সকালে যাত্রা শুরু করেন ৫৭ বছর বয়সী বোথাম। তার আগে স্থানীয় স্কুলছাত্রদের নিয়ে আয়োজিত এক ক্রিকেট ম্যাচের টস করেন তিনি।

১৯৮৫ সাল থেকে দুঃস্থ মানুষের সেবায় ‘চ্যারিটি ওয়াক’-এ অংশ নিচ্ছেন বোথাম।

১০২ টেস্টে পাঁচ হাজার ২০০ রান ও ৩৮৩ উইকেটের মালিক বোথামের প্রথম উদ্যোগ ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীদের এনে দিয়েছিল কয়েক লাখ পাউন্ড। এর আগে ১৪ বার ‘চ্যারিটি ওয়াক’-এ অংশ নিয়েছেন তিনি। তবে বৃটেনের বাইরে এটাই তার এ ধরনের প্রথম উদ্যোগ।

প্রায় ৩০ বছর ধরে চলা গৃহযুদ্ধে শ্রীলঙ্কার বহু মানুষ সর্বস্ব হারিয়েছে। এই ‘চ্যারিটি ওয়াক’ থেকে প্রাপ্ত অর্থ সেই সব নিঃস্ব মানুষের পেছনে খরচ করা হবে। কিছু ব্যয় করা হবে লরিয়াস ক্রীড়া সংস্থার উন্নয়নে।