২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারকে এমসিএ’র ‘বিশেষ’ উপহার

শচীন টেন্ডুলকারের শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ ডাকটিকেট প্রকাশ ও স্বর্ণমুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ক্রিকেট সংস্থা (এমসিএ)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 09:29 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

১০ গ্রাম ওজনের স্বর্ণমুদ্রাটির এক পাশে টেন্ডুলকারের ছবি এবং অন্য পাশে এমসিএ’র লোগো থাকবে।

এই মুদ্রা দিয়েই ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে টস করা হবে। ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচ খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন টেন্ডুলকার।

এছাড়া টেন্ডুলকারকে নিয়ে বিভিন্ন লেখা এবং তার সম্পর্কে ক্রীড়া, ব্যবসা, সাংবাদিকতা ও অন্যান্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মন্তব্য নিয়ে প্রকাশ করা হবে ৬৪ পৃষ্ঠার স্মরণিকা।

স্বর্ণমুদ্রাটির রেপ্লিকাও তৈরি করবে এমসিএ। ভক্তরা প্রিয় তারকার বিদায়ী স্মৃতি হিসেবে সেই রেপ্লিকা কিনতে পারবেন।

মুম্বাই টেস্টের পাঁচ দিনই দর্শকদের বিনা মূল্যে দেয়া হবে টেন্ডুলকারের ছবিসহ স্কোরকার্ড ও ক্যাপ। ক্রিকেট মহানায়কের ছবি ও নামসহ চার-ছক্কার প্ল্যাকার্ডও দেয়া হবে দর্শকদের।

ক্রিকেটের সফলতম ব্যাটসম্যান আরেকটি অসাধারণ অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন। দুই ম্যাচের সিরিজে খেলতে পারলে তিনি হবেন ২০০ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার। ৬ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্রথম টেস্ট।