২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনটা রুবেলেরই ছিল, প্রশংসা নিউ জিল্যান্ডের

বৃষ্টির পর নতুন লক্ষ্য অর্জনে পরিকল্পনামতোই এগুচ্ছিল নিউ জিল্যান্ড। কিন্তু রুবেল হোসেনের হ্যাটট্রিক সব হিসেব চুকিয়ে দেয় বলে জানান নিউ জিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 12:31 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৪৩ রানে হারায় বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া স্বাগতিকদের নিউ জিল্যান্ডের বিপক্ষে এটি টানা পঞ্চম জয়।

ম্যাচের পরে সংবাদ সম্মেলনে ২৬ রানে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেয়া রুবেল হোসেনের প্রশংসা করা অ্যান্ডারসনকে তাই বিমর্ষ দেখাচ্ছিল। তিনিই আবার রুবেলের হ্যাটট্রিকের প্রথম শিকার।

“না, বৃষ্টি পার্থক্য গড়ে দেয়নি। আমরা শুরুতে কয়েকটি উইকেট হারিয়েছিলাম। এরপর বৃষ্টি এলো। পরে পুরো কৃতিত্ব রুবেলের। সে অসাধারণ বল করেছে। আজকে ওরই দিন ছিল, আজ ও সবই পেয়েছে।”

রুবেলের হ্যাটট্রিককে ম্যাচ নির্ধারক উল্লেখ করে অ্যান্ডারসন বলেন, “প্রতিদিনই হ্যাটট্রিক হয় না, প্রতিদিনই পাঁচ উইকেট নেয়া যায় না। আমার মনে হয় এ ধরনের বোলিং যে কোনো ম্যাচেই পার্থক্য গড়ে দিতে পারে। এমনকি ছোট রানের ম্যাচেও।”

হ্যাটট্রিকের আগে বোলারদের পিটিয়ে রানরেট একটু নিচে নামিয়ে এনেছিল নিউ জিল্যান্ড। কিন্তু রুবেল সব এলোমেলো করে দেয়ার পর ক্রিকেট দর্শনের কথাই শোনালেন অ্যান্ডারসন।

“আমার সেই শটটি খেলা ঠিক হয়নি। তবে ক্রিকেট এমনই। তুমি এক বলে ছক্কা হাঁকাতে পারো পরের বলেই বোল্ড হয়ে যেতে পারো। আমরা ভালো ভাবেই এগুচ্ছিলাম কিন্তু হ্যাটট্রিক আমাদের অনেক পিছিয়ে দেয়।”

রুবেলের বুদ্ধিমত্তার প্রশংসাও করলেন আন্ডারসন, “আমার মনে হয়, ও বুদ্ধিমত্তার সঙ্গে বল করছে। আমরা ক্রস সিম আর স্লোয়ার বল ব্যবহার করেছিলাম, সেও ঠিক তাই করেছে। আমরা বাংলাদেশের পেসারদের পাত্তা দিচ্ছিলাম না, ব্যাপারটা এমন নয়।”

পুরনো খবর:

রুবেলের অনন্য কৃতিত্ব
রুবেলের হ্যাটট্রিকে এগিয়ে গেল বাংলাদেশ