রুবেলের অনন্য কৃতিত্ব
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার রুবেল হোসেন।
২০০৬ সালে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিক করেন পেসার শাহাদাত হোসেন, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের সঙ্গেই ২০১০ সালে ঢাকায় হ্যাটট্রিক করেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রুবেল টানা তিন বলে ফিরিয়ে দেন কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম ও জেমশ নিশামকে।
হ্যাটট্রিকের আগে রু্বেল যখন বল হাতে পান বাংলাদেশ তখন বেশ চাপের মুখে। বৃষ্টির পর নিউ জিল্যান্ডের পুননির্ধারিত লক্ষ দাঁড়ায় ৩৩ ওভারে ২০৬ রান। অর্থাৎ বাকি ১৩ ওভারে করতে হবে ১২৪ রান।
খেলা আবার শুরু হওয়ার পর ৩ ওভারে ৩৮ রান নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন কোরি অ্যান্ডারসন ও গ্র্যান্ট এলিয়ট।
৩১ বলে ৪টি বিশাল ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৪৬ রান করা অ্যান্ডারসনকে বোল্ড করে স্বাগতিকদের কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন রুবেল।
পরের বলেই নিউ জিল্যান্ডের অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে ব্যাকওয়ার্ড পয়েন্টে বদলি ফিল্ডার শামসুর রহমানের ক্যাচে পরিণত করেন তিনি।
হ্যাটট্রিকের বলটা অবশ্য তেমন ভালো হয়নি। লেগ স্টাম্পের বাইরে পিচ পড়া বল ফ্লিক করতে চেয়েছিলেন নিশাম। কিন্তু ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে বল গ্লাভসবন্দী করে রুবেলের স্বপ্ন পূরণ করেন অধিনায়ক মুশফিকুর রহিম।
সব মিলিয়ে ২৬ রানে রুবেলের শিকার ৬টি। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এটাই সেরা বোলিং। তবে এককভাবে নয়, যৌথভাবে। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে মাশরাফি বিন মুর্তজাও ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
গত এপ্রিলে জিম্বাবুয়ে সফরে জল বসন্তের কারণে ওয়ানডে সিরিজে খেলা হয়নি রুবেলের। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ছিলেন দুর্দান্ত ছন্দে। ৫ ম্যাচে দুবার পাঁচ উইকেটসহ ১৯ উইকেট নেন। লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে হ্যাটট্রিকও করেন তিনি।
