২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষায় থাকতে চান না মুশফিক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি জেতার জন্য শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে চান না মুশফিকুর রহিম। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিজেদের করে নিতে চান বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 01:13 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে হারিয়ে সংবাদ সম্মেলনে এসে মনের ভেতর থাকা ইচ্ছেটাই বলে ফেললেন মুশফিক।

“আমাদের পরিকল্পনা, ম্যাচ ধরে-ধরে খেলা। আশা করি, সিরিজ জয়ের জন্য তৃতীয় ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা পরের ম্যাচে জিতেই সিরিজ নিশ্চিত করে ফেলতে চাই।”

দ্বিতীয় ম্যাচেই তা করতে পারলে কিন্তু আরেকটা দিক থেকেও এগিয়ে যাবে স্বাগতিকরা। শেষ ম্যাচে নির্ভার হয়ে অতিথিদের হোয়াইওয়াশের লজ্জায় ফেলার পথটা খোলা থাকবে তাতে।

বাংলাদেশকে সিরিজে এগিয়ে দেয়া ম্যাচের নায়ক রুবেল হোসেনের প্রশংসাতেও পঞ্চমুখ হলেন মুশফিক।

“এই সিরিজে রুবেল অসাধারণ বল করছে। ও যে পরিশ্রম করেছে তাতে এটা ওর প্রাপ্য। এখন সে আগের চেয়ে অনেক বেশি বুদ্ধি খাটিয়ে বল করে।”

বৃষ্টি নামার আগে রুবেলের এক ওভারে ১৩ রান নিয়েছিলেন কোরি অ্যান্ডারসন। তাই বৃষ্টি শেষে খেলা শুরু হওয়ার পর তার হাতে বল তুলে দিতে একটু দ্বিধা করছিলেন মুশফিক। তবে শুধু মুশফিককে সাফল্য এনে দিতে দেরি করেননি তিনি।

“ভাবতেই পারিনি ও এত ভালো বল করবে। ওর হ্যাটট্রিকে সহায়তা করতে পেরে খুব ভালো লাগছে।”

মুশফিক জানান, বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে তিন জন পেসার খেলানোর সম্ভাবনা কম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাকিব আল হাসানের অভাব অনুভব করার কথাও জানান তিনি।

দল জয় পাওয়ায় ১০ রানের জন্য শতক হাতছাড়া হওয়া নিয়ে কোনো আফসোস নেই মুশফিকের। গত ডিসেম্বরের পর ওয়ানডে খেলতে নেমেই ৮৪ রানের দারুণ ইনিংস খেলা নাঈম ইসলামেরও প্রশংসা করেছেন তিনি।

এদিকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিবের জায়গায় বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিকে দলে নেয়া হয়েছে।

পুরনো খবর:

রুবেলের হ্যাটট্রিকে এগিয়ে গেল বাংলাদেশ
রুবেলের অনন্য কৃতিত্ব
দিনটা রুবেলেরই ছিল, প্রশংসা নিউ জিল্যান্ডের