২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের দিকে তাকিয়ে মুম্বাই

জীবনের শেষ প্রথম শ্রেণীর ম্যাচে শচীন টেন্ডুলকারের কাঁধে বিশাল দায়িত্ব। রঞ্জি ট্রফিতে হরিয়ানাকে হারানোর জন্য ব্যাটিং-কিংবদন্তির দিকে তাকিয়ে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 07:42 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মঙ্গলবার তৃতীয় দিন শেষে মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। টেন্ডুলকার ব্যাট করছেন ৫৫ রান নিয়ে। সঙ্গী ধাওয়াল কুলকার্নি ৬ রানে অপরাজিত।

ঘরের মাঠ রোহটাক বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে ৯ উইকেটে ২২৪ রানে তৃতীয় দিন শুরু করা হরিয়ানার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৪১ রানে।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া হার্শাল প্যাটেলের ব্যাট থেকে আসে ৩৩ রান। চারটি করে উইকেট নেন বাঁহাতি পেসার জহির খান ও বাঁহাতি স্পিনার বিশাল ধবলকার।

দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়াসিম জাফরকে হারালেও কৌস্তুভ পাওয়ার (৪৭), আজিঙ্কা রাহানে (৪০) ও টেন্ডুলকারের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় মুম্বাই। তবে ১৯০ রানে ৬ উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যায় প্রতিযোগিতার রেকর্ড ৪০ বারের চ্যাম্পিয়নরা।

মুম্বাইয়ের সব আশা-ভরসা এখন টেন্ডুলকারকে ঘিরে। টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক খেলছেন ধীরে-সুস্থে, ঠাণ্ডা মাথায়। তার ১২২ বলের ইনিংসে চার মাত্র ৪টি।

এই ম্যাচের পর আর ঘরোয়া ক্রিকেট খেলবেন না ১৯৮টি টেস্ট খেলা টেন্ডুলকার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে ২৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট-জীবনের সমাপ্তি টানবেন তিনি।

কলকাতা ও মু্ম্বাইয়ে দুটো টেস্টে খেলতে পারলে টেন্ডুলকার হবেন ২০০ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার।