৫ দিনের কোচ কার্স্টেন
জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগের চার মাস পর গ্যারি কার্স্টেন আবারো ফিরছেন পুরনো ঠিকানায়। তবে এবার মাত্র পাঁচ দিনের জন্যে। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের মাঝের বিরতিতে স্মিথ-ডি ভিলিয়ার্সদের ব্যাটিং নিয়ে কাজ করবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর গত জুনে পদত্যাগের ঘোষণা দেন ভারতের হয়ে ২০১১ সালের বিশ্বকাপ জেতা এই কোচ। কার্স্টেনের অধীনেই প্রথম দল হিসেবে একই সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে হবে আগামী বুধবার ও শুক্রবার। মাঝে পাঁচ দিনের বিরতি। এই কয়দিন 'ব্যাটিং মেন্টর' হিসেবে দলের সঙ্গে থাকবেন কার্স্টেন। পরের তিনটি ম্যাচ হবে ৬, ৮ ও ১১ নভেম্বর।
অল্প সময়ের জন্য হলেও কার্স্টেনকে কোচ হিসেবে পেয়ে খুশি দক্ষিণ আফ্রিকা দলের ব্যবস্থাপক মোহাম্মদ মুসাজি। তিনি বলেন, “গ্যারি একজন বিশ্বকাপজয়ী কোচ। আর তাই তার জ্ঞান কাজে না লাগানোটা হবে নির্বুদ্ধিতা।”
সফরের শুরুতে পাকিস্তানের সঙ্গে দুই টেস্টের সিরিজটি ১-১ -এ ড্র করে দক্ষিণ আফ্রিকা।
