শেষের শুরুটা ভালো হলো না টেন্ডুলকারের
রঞ্জি ট্রফির শেষ ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি শচীন টেন্ডুলকারের। হরিয়ানার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র পাঁচ রানে আউট হয়ে গেছেন তিনি।
মাত্র সাত বলের ইনিংসে শুরুটা কিন্তু খারাপ ছিল না টেন্ডুলকারের। প্রথম তিন বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলে পরের বলে বোলারের পেছন দিয়ে মারেন চার। পঞ্চম বলে এক রান নিয়ে চা-বিরতিতে যান। তবে ফিরে এসে পেসার মোহিত শর্মার দ্বিতীয় বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
চার দিনের ম্যাচের প্রথম দিনে দর্শকেরা যেন মাঠে এসেছিলেন টেন্ডুলকারের ব্যাটিং দেখতেই। তা নাহলে টেন্ডুলকারের প্যাভিলিয়নের ফেরার সঙ্গে সঙ্গে তারাও কেন মাঠ ছাড়বেন।
অবশ্য দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিংয়ে নামবেন কিংবদন্তি এই ব্যাটসম্যান।
রোববার স্বাগতিক হারিয়ানাকে মাত্র ১৩৪ রানে বেধে ফেলে দারুণ সূচনা করেছিল মুম্বাই। কিন্তু টেন্ডুলকারের ব্যর্থতার পাশাপাশি তার দলও ব্যর্থ। ১৩৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১২৬ রান নিয়ে ব্যাট করছে হারিয়ানা।
এই ম্যাচের পর আর ঘরোয়া এই টুর্নামেন্টে দেখা যাবে না টেন্ডুলকারকে। আর ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশ'তম টেস্ট খেলে ২৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
