ঘরের মাঠেই বিদায় নিচ্ছেন টেন্ডুলকার
ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামেই দুইশ'তম টেস্ট খেলে ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন শচীন টেন্ডুলকার। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টের ভেন্যু নির্ধারণ করায় তা নিশ্চিত হয়েছে।
মুম্বাইয়ে প্রোগ্রাম ও ফিক্সচার কমিটির সভায় সিদ্ধান্ত হয় কলকাতার ইডেন গার্ডেনে প্রথম ও মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি হবে। ফলে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান টেন্ডুলকারের দুইশ'তম ও শেষ টেস্টটি আয়োজনের গৌরব অর্জন করলো মুম্বাই। আগামী ১৪ নভেম্বর শুরু হবে ভারতের ক্রিকেট দেবতাকে বিদায় জানানোর এই ম্যাচটি।
এর আগে কলকাতায় প্রথম টেস্টটি শুরু হবে ৬ নভেম্বর। এ দু'টি টেস্ট খেললেই প্রথম ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলার অসাধারণ এই রেকর্ড গড়বেন টেন্ডুলকার।
গত ১০ অক্টোবর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশ'তম টেস্ট খেলে অবসরের ঘোষণা দিয়েছিলেন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের অধিকারী টেন্ডুলকার। অবশ্য এর আগে থেকেই 'লিটল মাস্টার' এর শেষ টেস্ট আয়োজনের জন্য ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর মধ্যে লড়াই শুরু হয়েছিল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রমানুযায়ী টেস্ট আয়োজনের নীতি মানা হলে ঐ দুটি টেস্ট আয়োজনের দাবিদার যথাক্রমে ব্যাঙ্গালোর ও আহমেদাবাদ। সে হিসেবে ইতিহাস সৃষ্টি হওয়ার কথা আহমেদাবাদের দ্বিতীয় টেস্টে। তবে প্রথম থেকেই তাদেরকে ছাড়িয়ে দ্বিতীয় টেস্ট আয়োজনের ইচ্ছা পোষণ করে আসছিল পশ্চিম বাংলা ক্রিকেট সংস্থা (সিএবি) ও মুম্বাই ক্রিকেট সংস্থা (এমসিএ)।
আর ঘরের মাঠেই বিদায় নিতে চেয়েছিলেন টেন্ডুলকার। শেষ পর্যন্ত তার ইচ্ছার প্রতিই সম্মান দেখালো ভারতের ক্রিকেট কর্তৃপক্ষ। আর টেন্ডুলকারের শেষ ম্যাচের আগের ম্যাচটি আয়োজন করতে পেরে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ পেল কলকাতা।
টেস্ট ১৫ হাজার ৮৩৭ ও ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রানের মালিক টেন্ডুলকার গত বছরের ডিসেম্বরে ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন।
