ঘরের মাঠেই বিদায় নিতে চান টেন্ডুলকার
ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চান শচীন টেন্ডুলকার। অন্তত মুম্বাই ক্রিকেট সংস্থার (এমসিএ) সভাপতি রবি সাবান্ত এমনটাই দাবি করেছেন।
আগামী নভেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ভারত। আর ঐ সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে টেন্ডুলকারের ২০০তম টেস্ট। প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ‘লিটল মাস্টার’। গত বৃহস্পতিবার অবসরের সিদ্ধান্ত জানান তিনি।
সাবান্ত জানিয়েছেন, ক্যারিয়ারের ২০০তম টেস্টটা মুম্বাইয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন টেন্ডুলকার। টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের অধিকারী টেন্ডুলকারের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) নাকি ম্যাচটা মুম্বাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
তবে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মঙ্গলবার টুর্নামেন্ট আয়োজক কমিটির সভায়। খেলাটি হবে ১৪-১৮ নভেম্বর।
অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রমানুযায়ী টেস্ট আয়োজনের নীতি মানা হলে ঐ দুটি টেস্ট আয়োজনের দাবীদার যথাক্রমে ব্যাঙ্গালোর ও আহমেদাবাদ। সে হিসেবে ইতিহাস সৃষ্টি হওয়ার কথা আহমেদাবাদের দ্বিতীয় টেস্টে। তবে প্রথম থেকেই তাদেরকে ছাড়িয়ে দ্বিতীয় টেস্ট আয়োজনের ইচ্ছা পোষণ করে আসছে পশ্চিম বাংলা ক্রিকেট সংস্থা (সিএবি) ও মুম্বাই ক্রিকেট সংস্থা (এমসিএ)।
তবে মুম্বাইয়ের ছেলে টেন্ডুলকার যদি ঘরের মাঠ থেকে বিদায় নিতে চান তাহলে তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোরই কথা ভারতের ক্রিকেট কর্তৃপক্ষের।
