মাথায় বলের আঘাতে ব্যাটসম্যানের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় ব্যাট করার সময় মাথায় বলের আঘাত লেগে এক ক্রিকেটার মারা গেছেন।
দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণীর ক্রিকেটের সাবেক খেলোয়াড় ড্যারেন র্যান্ডল ইস্টার্ন কেপে বর্ডার ক্রিকেট বোর্ড প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যাট করার সময় পুল শট খেলতে গিয়ে মাথায় বলের আঘাত পান। ক্রিজে পড়ে যাওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে কাছের অ্যালিস হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান র্যান্ডেলের মারা যাওয়ার খবর শুনে দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার টুইটে বলেন, "খুবই দু:খজনক খবর। ড্যারেন ছিল বিশেষ একজন ছেলে। জীবনটা খুব ছোটো। আগামীকাল আর আসবে না ভেবেই জীবনটা কাটাতে হয়।"
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুণ লরগাত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিবার থেকে ড্যারেনের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে বাংলাদেশে প্রিমিয়ার লিগের একটি ম্যাচে মাঠে ফিল্ডিং করার সময় মাথায় বলের আঘাত লেগে মারা যান ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার রমন লাম্বা।
