আরো টেস্ট খেলতে চাই: মুশফিক
টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য আরো বেশি খেলার সুযোগ পাওয়ার প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের।
২০০০ সালে টেস্ট অভিষেকের পর ১৩ বছরে ৮১টি টেস্ট খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। কখনো ১৪ মাসের বিরতির পর খেলেছে। আবার কখনো বছরে তিন/চারটির বেশি টেস্ট খেলার সুযোগ হয়নি।
মুশফিক তাই আরো বেশি টেস্ট খেলার ওপরে জোর দিয়েছেন।
শুক্রবার বাংলাদেশ-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “টেস্ট ক্রিকেটে আমরা একটু-একটু করে উন্নতি করছি। আশা করি ভবিষ্যতে আমরা আরো বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাব। বাংলাদেশ যে টেস্ট ক্রিকেটে এগিয়ে যাচ্ছে, তা যেন প্রমাণ করতে পারি আমরা।”
মুশফিক আরো বলেন, “আমরা খেলার সুযোগ না পেলে মুমিনুল এতো ভালো খেলতে পারতো না। সোহাগ এতোগুলো উইকেট নিতে পারতো না। না খেলে তো কিছু অর্জন করা সম্ভব নয়।”
২০১৩ সালে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি করে মোট ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জিম্বাবুয়েকে হারিয়েছে এক ম্যাচে, হেরেছে দুটি, বাকি তিন ম্যাচ ড্র।
সংবাদ সম্মেলনে আরো বেশি টেস্ট খেলতে না পারার আক্ষেপ ফুটে ওঠে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
