বাংলাদেশের 'পৌষ মাস', নিউ জিল্যান্ডের 'সর্বনাশ'
বৃষ্টির কারণে ঢাকা টেস্টের শেষ দিন একটা বলও না হওয়ায় রোমাঞ্চবিহীন ড্রয়ে হতাশ দুই দলই। তবে সিরিজ সমতায় শেষ হওয়ায় বাংলাদেশের লাভই হয়েছে, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে ৮ পয়েন্ট। অন্যদিকে নিউ জিল্যান্ড হারিয়েছে ৪ পয়েন্ট।
শুক্রবার বৃষ্টির কারণে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ দিন ভেসে যাওয়ায় নিষ্ফল সমতায় শেষ হয় মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ম্যাচটি। চট্টগ্রামে প্রথম টেস্টটিও ড্র হয়েছিল।
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ ড্র করায় ১০ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের রেটিং এখন ১৮। র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি, জিম্বাবুয়ের নিচে দশম স্থানেই আছে সাকিব-মুশফিকরা। তবে জিম্বাবুয়ের (৩৪ পয়েন্ট) সঙ্গে পার্থক্য কমেছে।
এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে তলানিতে থাকা বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করায় এমনিতেই হতাশ নিউ জিল্যান্ড। তার উপর আবার রেটিং পয়েন্টও কমে গেছে তাদের। ৭৯ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করলেও এখন তাদের পয়েন্ট ৭৫, র্যাঙ্কিংয়ে অবস্থান অবশ্য আগের মতোই অষ্টম স্থানে।
সিরিজের শুরুতে বাংলাদেশের চেয়ে ৬৯ রেটিং পয়েন্ট এগিয়ে থাকায় উল্টো চাপে ছিল নিউজিল্যান্ড। ব্র্যান্ডন ম্যাককালামের দল দুই টেস্ট জিতলেও যোগ হতো মাত্র এক রেটিং পয়েন্ট।
আর দুই টেস্ট জিতলে ১৭ রেটিং পয়েন্ট পেতে পারতো মুশফিকুর রহিমের দল। ১-০ ব্যবধানে সিরিজ জিতলেও যোগ হতো ১৪ রেটিং পয়েন্ট।
টেস্ট র্যাঙ্কিং:
র্যাঙ্ক | দল | রেটিং |
১ | দক্ষিণ আফ্রিকা | ১৩৫ |
২ | ইংল্যান্ড | ১১৬ |
৩ | ভারত | ১১৬ |
৪ | অস্ট্রেলিয়া | ১০১ |
৫ | ওয়েস্ট ইন্ডিজ | ৯৯ |
৬ | পাকিস্তান | ৯৭ |
৭ | শ্রীলঙ্কা | ৮৮ |
৮ | নিউ জিল্যান্ড | ৭৫ (-৪) |
৯ | জিম্বাবুয়ে | ৩৪ |
১০ | বাংলাদেশ | ১৮ (+৮) |
