স্মিথের মাইলফলকে পিষ্ট পাকিস্তান
টেস্ট ক্রিকেটের নবম ব্যাটসম্যান হিসেবে নয় হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। তার দ্বিশতকের উপর ভর করে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পেতে শুরু করেছে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দলটি।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন দ্বিশতক গড়ে এই মাইলফলকে পৌঁছান স্মিথ। অসাধারণ এই কৃতিত্ব গড়তে ১১২ টেস্টে ১৯৫ ইনিংস খেলেছেন তিনি। এখন তার রান ৯ হাজার ২৭। ক্যারিয়ারে এটি তার পঞ্চম দ্বি-শতক।
পাঁচ মাসের বিরতির পর দলে ফিরে প্রথম শতক পেলেন স্মিথ। পাকিস্তানের বিপক্ষে এটি তার চতুর্থ শতক। শতক হাঁকিয়েছেন এবি ডি ভিলিয়ার্সও। ক্যারিয়ারে এটি তার ১৭তম টেস্ট শতক।
প্রথম দিনে পাকিস্তানকে ৯৯ রানে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় দিনশেষে চার উইকেটে ৪৬০ রান করেছে আফ্রিকা। ছয় উইকেট হাতে রেখে তারা এগিয়ে আছে ৩৬১ রানে।
১৬টি চারের সাহায্যে ২২৭ রানে ব্যাট করছেন স্মিথ। সঙ্গে সমান সংখ্যক চার ও একটি ছক্কায় ১৫৭ রানে অপরাজিত আছেন সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্স।
দেশের পক্ষে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তারা। জুটি বেধে ৩২৬ রান করেছেন তারা।
বৃহস্পতিবার তিন উইকেটে ১২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল প্রথম টেস্ট হেরে ১-০এ পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা। ছয় রান যোগ করতেই ফিরে যান নাইটওয়াচ ম্যান ডেল স্টেইন (৭)। এর পর অবশ্য শুধুই পাকিস্তানের বোলারদের হতাশার চিত্র।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৯৯ (বাবর ২৫*, মাসুদ ২১; তাহির ৫/৩২, স্টেইন ৩/৩৮)
দক্ষিণ আফ্রিকা: ৪৬০/৪ (পিটারসেন ২৬, স্মিথ ২২৭*, এলগার ২৩, ক্যালিস ৭, স্টেইন ৭, ডি ভিলিয়ার্স ১৫৭*; আজমল ২/১৩২, বাবর ১/১১২, ইরফান ১/৮৪)
