দ্বিতীয় টেস্টেই শতক পেয়ে উচ্ছ্বসিত অ্যান্ডারসন
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই শতক পেয়ে ভীষণ উচ্ছ্বসিত নিউ জিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে অ্যান্ডারসন বলেন, “একশ' করার পর অবশ্যই ভালো একটা অনুভূতি হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের সময় তরুণ ছিলাম। এখন আমার ব্যাটিং অনেক পরিণত।”
অ্যান্ডারসনের শতকে ঢাকা টেস্টে তৃতীয় দিন শেষে আট উইকেটে ৪১৯ রান করেছে নিউ জিল্যান্ড। প্রথম ইনিংসে ১৩৭ রানে এগিয়ে আছে তারা।
প্রথম শ্রেণীর ক্রিকেটে শতকের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছিল বাঁহাতি ব্যাটসম্যান অ্যান্ডারসনকে। কিন্তু প্রথম টেস্ট শতক পেয়েছেন নিজের তৃতীয় ইনিংসেই।
শুরুতে একটু নড়বড়েই ছিলেন চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে মাত্র ৯ রান করা অ্যান্ডারসন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি ব্যাটিংয়ে নামার পর বোলিং ভালো হচ্ছিল। এছাড়া চাপও ছিল। তবে আমি জানতাম, ধৈর্য্য ধরে খেলতে পারলে রান আসবে।”
১৭৩ বলে অ্যান্ডারসনের ১১৬ রানের ঝকঝকে ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা। এ প্রসঙ্গে তিনি বলেন, “শট খেলা শুরু করলে আত্মবিশ্বাসও বেড়ে যায়। এমনকি খেলার গতিও অনেক পাল্টে যায়। আর ওই সময়টাতে আমাদের কিছু রানও প্রয়োজন ছিল। এখানে আসার আগে ভারতে করা শতক আমাকে অনেক সাহায্য করেছে।”
বাংলাদেশে আসার আগে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভারত সফর করেন অ্যান্ডারসন।
কেন উইলিয়ামসনের সঙ্গে তার ১৪০ রানের জুটি নিউ জিল্যান্ডের বড় সংগ্রহের ভিত গড়ে। সঙ্গীর প্রসংসা করে অ্যান্ডারসন বলেন, “সে (কেন) আসলেই চমৎকার ব্যাটসম্যান। আর ওর সঙ্গে ব্যাটিং করাটা সবসময়ই আনন্দের। এটা আমাকে (বড় ইনিংস খেলতে) সাহায্য করেছে।”
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেইলরেও প্রশংসা করেন অ্যান্ডারসন, “রস এবং ব্রেন্ডন নিয়মিতই দলের জন্য পারফর্ম করে। রস এ ম্যাচে ফিফটি করেছে। আর আমার বিশ্বাস মাককালামও ফিরে আসবে।”
