‘উপেক্ষা’য় উজ্জীবিত ওয়াগনার
চট্টগ্রামে প্রথম টেস্টে নিউ জিল্যান্ড দুজন স্পিনার খেলানোয় সুযোগ পাননি বাঁহাতি পেসার নিল ওয়াগনার। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পর তিনি জানালেন, সেই ‘উপেক্ষা’ই ভালো খেলতে উদ্বুদ্ধ করেছে তাকে।
মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ড দলের প্রতিনিধি হয়ে আসা ওয়াগনার বলেন, “প্রথম টেস্টে বাদ পড়া আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে তুলেছিল। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। এই পাঁচ উইকেট আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আবার এমন বল করতে চাই।”
সাফল্য পেয়ে দারুণ খুশি, তবে সেজন্য সতীর্থদেরও কৃতিত্ব দিলেন ওয়াগনার। তিনি বলেন, “উইকেট একটু মন্থর হলেও এ ধরনের উইকেটে বল করা আমি উপভোগ করি। ডগি (ডগ ব্রেসওয়েল), ট্রেন্ট (বোল্ট) বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করে আমার উইকেট প্রাপ্তিতে সাহায্য করেছে। ইশও (সোধি) খুব ভালো বল করেছে। ওদের ভালো বোলিং আমার কাজ সহজ করে দিয়েছে।”
প্রথম দিন বিদায় করেন তামিম ইকবাল ও মার্শাল আইয়ুবকে। মঙ্গলবার তার শিকার মুশফিকুর রহিম, সোহাগ গাজী ও রুবেল হোসেন। ৬৪ রানে ৫ উইকেট নেয়া ওয়াগনার জানালেন, তার প্রতিটি উইকেটের পেছনেই ছিল পরিকল্পনার ছোঁয়া।
ওয়াগনারকে লং অন দিয়ে ছক্কা মেরে তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন সোহাগ। ওয়াগনারের পরের ওভারেই প্রথম টেস্টে শতক ও হ্যাটট্রিক করে ইতিহাস গড়া সোহাগ ক্যাচ দেন গালিতে।
এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেয়া ২৭ বছর বয়সী এই বোলার বলেন, “সোহাগকে বলেছিলাম আবার মারার চেষ্টা করো। আমার মনে হয় ও সেই চেষ্টাই করেছিল।”
“এ ধরনের উইকেটে ব্যাটসম্যানরা বেশিরভাগ সময় সামনের পায়ে খেলে। তাই গতি ও লেন্থের বৈচিত্র্য দিয়ে উইকেট নেয়ার চেষ্টা করতে হয়। বল নরম হয়ে গেলে খাটো লেন্থের বল করা খুব কঠিন। তারপরও চেষ্টা করতেই হয়। কারণ খাটো লেন্থের বল পেলে ব্যাটসম্যানরা আগ্রাসী হওয়ার চেষ্টা করে অনেক সময়। বাংলাদেশের ব্যাটসম্যানরাও সেই চেষ্টা করায় সাফল্য পেয়েছি।”
