'কঠোর' নীতিমালায় আমিরের শাস্তি রিভিউ করবে আইসিসি
ক্রিকেটে ফিরতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে শাস্তি কমানোর বিষয়টি বিবেচনা করার আবেদন করেছিলেন পাঁচ বছরের জন্য নিষিদ্ধ মোহাম্মদ আমির। আইসিসি এ আবেদন মঞ্জুর করলেও বলেছে, দুর্নীতি বিরোধী নতুন ও কঠোর নীতিমালার আলোকে এ 'রিভিউ' করা হবে।
লন্ডনে দুই দিনের বোর্ড সভা শেষে এক বিবৃতিতে শনিবার এ কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী জানুয়ারির সভায় নতুন আইন প্রণয়নের বিষয়ে আলোচনা করবে কর্তৃপক্ষ। বিবিতিতে আরো বলা হয়, আগামী বছরের ঐ সভায় আমিরের শাস্তি কমানোর বিষয়টিও আলোচনা করবে তারা।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে ‘নো’ বল করার সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও আমিরকে সব ধরনের ক্রিকেট থেকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আইসিসি।
দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় ব্রিটেনে কারাদণ্ডও হয় আমিরের। তবে বয়স কম হওয়ায় তাকে পাঠানো হয় কিশোর সংশোধন কেন্দ্রে।
আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর। যা শেষ হতে এখনো দুই বছর বাকি।
