২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসিকে আমিরের অনুরোধ

স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির সব কিছু ভুলে ক্রিকেটে ফিরতে চান। ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানিয়েছেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Oct 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে ‘নো’ বল করার সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও আমিরকে সব ধরনের ক্রিকেট থেকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আইসিসি।

দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় ব্রিটেনে কারাদণ্ডও হয় আমিরের। তবে বয়স কম হওয়ায় তাকে পাঠানো হয় কিশোর সংশোধন কেন্দ্রে।

আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর। যা শেষ হতে এখনো দুই বছর বাকি।

তবে এতদিন ধৈর্য্য ধরতে ভীষণ কষ্ট হচ্ছে ২১ বছর বয়সী আমিরের। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “২০১০ সালে আমি ভয়াবহ কাজ করেছি, চরম ভুল করেছি। সেজন্য আমাকে অনেক মূল্যও দিতে হয়েছে। আমি আমার ভাবমূর্তি নষ্ট করেছি, স্বদেশ আর পরিবারকে কষ্ট দিয়েছি।”

“তবে প্রত্যেকেই জীবনে দ্বিতীয় সুযোগ পায়। আমাকে দ্বিতীয় সুযোগ দেয়ার জন্য আইসিসিকে অনুরোধ জানাচ্ছি।”

১৪ টেস্ট, ১৫ ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলা আমির ভুলের প্রায়শ্চিত্ত করে ক্রিকেট মাঠে ফিরতে উদগ্রীব। তিনি বলেন, “আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি। ক্রিকেট খেলতে না পারা আমার জন্য ভীষণ হতাশাজনক। কারণ খেলাটাকে আমি ভীষণ ভালবাসি।”

“নিজের দোষে নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া আমার জন্য খুবই বেদনাদায়ক। আমার কারণে আমার পরিবারকেও অনেক ভুগতে হয়েছে। আমি শুধু আমার বিশাল ভুলের সংশোধন করতে চাই।”

অনুতপ্ত আমিরের জন্য স্বস্তির কথা, তার দেশের ক্রিকেট বোর্ড তার পাশেই আছে। আইসিসির আসন্ন বোর্ড মিটিংয়ে আমিরের শাস্তি মওকুফের আবেদন জানাতে পারে পিসিবি। পিসিবির আইন উপদেষ্টা তফাজ্জুল রিজভি জানিয়েছেন, আমিরকে খেলার অনুমতি দেয়ার জন্য আইসিসিকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।