২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে সাকিবের বাড়িতে বাড়তি উৎসব

ঈদ করতে স্ত্রীকে নিয়ে মাগুরায় যাওয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে বইছে বাড়তি উৎসবের আমেজ।

অলোক বোস

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 03:39 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

বুধবার সকালে শহরের জজ কোর্ট মসজিদে নামাজ পড়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান সাকিব। নামাজ শেষে অগণিত ভক্ত-স্বজনের সঙ্গে কোলাকুলি করেন তিনি।

এ সময় বাবা মাসরুর রেজা কুটিল, খালাতো ভাই ক্রিকেটার সোহান, ফুফাতো ভাই রুবেল, মনিক তার সঙ্গে ছিলেন। নামাজ শেষে সাকিব থেকে যান শহরের কেশব মোড়ে বাড়িতে।

এবার তার বাড়িতে দুটি করে গরু ও ছাগল কোরবানি দেয়া হয়েছে বলে সাকিবের বাবা মাশরুর রেজা জানান।

ঈদে ছেলে-বউকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সকিবের মা শিরিন রেজা বলেন, “দেশে-বিদেশে খেলা নিয়ে ব্যস্ত থাকায়েআগে অনেক ঈদে ও পরিবারের সাথে কাটাতে পারেনি। কিন্তু এবার বউকে নিয়ে প্রথমবার পরিবারের সাথে ঈদ করায় আমাদের ঈদ পূর্ণতা পেয়েছে। সাকিবকে কাছে পেয়ে আমরা সবাই খুব খুশি।”

দুপুর থেকে আত্মীয়-বন্ধু-প্রতিবেশীদের আপ্যায়নে ব্যস্ত সাকিব। স্ত্রীকে নিয়ে রাত পর্যন্ত এ কাজে ব্যস্ত থাকবেন তিনি।

চট্টগ্রাম টেস্টের পর ঈদের ছুটিতে গত সোমবার সকালে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে হেলিকপ্টারে করে মাগুরা যান সাকিব।  বিয়ের পর স্ত্রীকে নিয়ে বেশ গোপনে একবার গিয়েছিলন তিনি। এবার তাই বউকে বরণ করতে ছিল নানা আয়োজন।

সোমবার বেলা ১১টার দিকে মাগুরা স্টেডিয়ামে হেলিকপ্টারটি নামলে ছেলে ও ছেলের বউকে স্বাগত জানান মা শিরিন রেজা ও বাবা মাশরুর রেজা। শিশিরকে ফুল দিয়ে বরণ করেন তার শ্বশুর-শ্বাশুড়ি।

এ সময় মাগুরা ক্রিকেট একাডেমির পক্ষ থেকেও সাকিব দম্পতিকে সংবর্ধনা দেয়া হয়। এই একাডেমিতেই পথচলা শুরু হয়েছিল এই ক্রিকেটারের। 

বেশ কিছুদিন পর বাড়িতে ঈদ করায় সাকিবকে নিয়ে সবার মাঝেই বাড়তি উচ্ছ্বাস। তবে ঈদের ছুটি শেষে নিউ জিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টে অংশ নিতে ২১ অক্টোবরের আগেই ঢাকায় ফিরতে হবে তাকে।