২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরের শতকে পাকিস্তানের দিন

উদ্বোধনী ব্যাটসম্যান খুররম মনজুরের অপরাজিত শতকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২৬৩ রান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৪৯ রানে অলআউট করা পাকিস্তান ১৪ রানে এগিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 07:59 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

দশম টেস্টে এসে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পাওয়া মনজুর ১৩১ রানে অপরাজিত। তার ২৪৪ বলের ইনিংসে ১৪টি চার। এক দশকের মধ্যে পাকিস্তানের কোনো উদ্বোধনী ব্যাটসম্যানের এটাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শতক।

চতুর্থ উইকেটে মনজুরের সঙ্গে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া অধিনায়ক মিসবাহ-উল-হক ৪৪ রানে ব্যাট করছেন।

শান মাসুদের সঙ্গে মনজুরের ১৩৫ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে ভালো সূচনা এনে দেয়। অভিষিক্ত মাসুদকে (৭৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৪৪ ওভার স্থায়ী জুটি ভাঙ্গেন জেপি ডুমিনি। সাত টেস্টে এটি পাকিস্তানের ষষ্ঠ উদ্বোধনী জুটি।

চা-বিরতির প্রথম ঘন্টায় আজহার আলী (১১) ও অভিজ্ঞ ইউনুস (১) খানের দ্রুত বিদায় পাকিস্তানকে অস্বস্তিতে ফেলে। তবে অধিনায়ককে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন মনজুর।

এর আগে ৮ উইকেটে ২৪৫ রান নিয়ে খেলা শুরু করে ২৪৯ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। দিনের দ্বিতীয় বলেই শতক করা হামিশ আমলাকে (১১৮) বিদায় করে দলকে দারুন সূচনা এনে দেন মোহাম্মদ ইরফান।

এরপর সাঈদ আজমল ডেল স্টেইনকে বিদায় করলে ১৯ বলেই শেষ হয়ে যায় গ্রায়েম স্মিথের দলের ইনিংস।

পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন ইরফান ও জুলফিকার বাবর।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২৪৯ (পিটারসেন ৩, স্মিথ ১৫, আমলা ১১৮, ক্যালিস ৫, ডি ভিলিয়ার্স ১৯, ডুমিনি ৫৭, দু প্লেসি ১, পিটারসন ৫, ফিল্যান্ডার ৩, স্টেইন ১৫, মর্কেল ২*; ইরফান ৩/৪৪, বাবর ৩/৮৯, আজমল ২/৫৯, জুনায়েদ ১/৫২)

পাকিস্তান: ২৬৩/৩ (মনজুর ১৩১*, মাসুদ ৭৫, আজহার ১১, ইউনুস ১, মিসবাহ ৪৪*; মরকেল ১/২৩, ফিল্যান্ডর ১/৩১, ডুমিনি ১/৩৯)