আমলার শতকে লড়ছে দক্ষিণ আফ্রিকা
হামিশ আমলার অপরাজিত শতকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে লড়ছে দক্ষিণ আফ্রিকা। সোমবার প্রথম দিনের খেলা শেষে দলটির সংগ্রহ ৮ উইকেটে ২৪৫ রান।
ক্যারিয়ারে ২০তম শতকের দেখা পাওয়া আমলা ব্যাট করছেন ১১৮ রানে। তার ২৫০ বলের ইনিংসে ১৩টি চার। তার সঙ্গে ১৩ রানে ব্যাট করছেন ডেল স্টেইন। চলতি বছর আট ইনিংসের পাঁচটিতেই ১০ ওভারের ভেতর ব্যাটিংয়ে নামতে হয়েছে আমলাকে। আর মাঠে নেমে প্রতিবার অন্তত অর্ধশতকে পৌঁছেছেন এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।
আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি।
আলভিরো পিটারসেন ও প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথকে বিদায় করেন মোহাম্মদ ইরফান। অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে সাজঘরে ফেরত পাঠান আরেক পেসার জুনায়েদ খান।
এবি ডি ভিলিয়ার্সের (১৯) সঙ্গে ৬১ ও জেপি ডুমিনির (৫৭) সঙ্গে ৯৫ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে ৪ উইকেটে ১৯৯ রানে নিয়ে গিয়েছিলেন আমলা।
দুই স্পিনার জুলফিক বাবর ডুমিনি, ফাফ দু প্লেসি ও রবিন পিটারসনকে এবং সাঈদ আজমল ভারনন ফিল্যান্ডারকে এলবিডব্লিউর ফাঁদে ফেললে ছোটখাটো ধসে দক্ষিণ আফ্রিকার স্কোর পরিণত হয় ২২২/৮-এ। তবে এরপর দিনের বাকি সময়টুকু স্টেইনকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন আমলা।
৬১তম ওভারে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেও শেষ দিকে মাঠে ফেরেন ইরফান। ২৪তম জন্মদিনে টেস্ট অভিষেক হয়েছে শান মাসুদের। আর ৩৪ বছর ৩০৮ দিন বয়সে প্রথম টেস্ট খেলতে নেমেছেন বাঁহাতি স্পিনার বাবর। এই ম্যাচে চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে পাকিস্তান।
৮৯ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার বাবর।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৪৫/৮ (পিটারসেন ৩, স্মিথ ১৫, আমলা ১১৮*, ক্যালিস ৫, ডি ভিলিয়ার্স ১৯, ডুমিনি ৫৭, দু প্লেসি ১, পিটারসন ৫, ফিল্যান্ডার ৩, স্টেইন ১৩*; বাবর ৩/৮৯, ইরফান ২/৪২, জুনায়েদ ১/৫২, আজমল ১/৫৭)
