সিলেট স্টেডিয়াম পরিদর্শনে আবার আসবে আইসিসি দল
২০১৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম আবারও পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিদর্শক দল।
আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সোমবার সকালে সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেন। নতুন এই ভেন্যুতে এটি তাদের ষষ্ঠ সফর।
পরিদর্শন শেষে টেটলি বলেন, “মাঠ ও স্টেডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। তবে, কিছু কাজ এখনো বাকি আছে। আশা করছি, তা শিগগিরই শেষ হবে। এ মাসের শেষের দিকে আমরা আবারো পরিদর্শন করে প্রতিবেদন দেবো।”
তাদের এই প্রতিবেদনের ভিত্তিতেই ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি।
বিসিবি পরিচালক মাহবুব আনাম সাংবাদিকদের জানান, “আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর জন্য যে ধরনের অবকাঠামো প্রয়োজন তার পুরোটাই ইতিমধ্যে সম্পাদন হয়েছে। অল্প কিছু কাজ বাকি। মাঠ গ্রহণের জন্য আইসিসি টিম এলে, তারা সম্পূর্ণ প্রস্তুত মাঠ পাবে।”
৬ অক্টোবর এই মাঠেই নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দুয়েকদিনের মধ্যে ম্যাচ রেফারিরা মাঠ পরিদর্শন করবেন বলে জানান মাহবুব আনাম।
