মরুর দেশে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা লড়াই
দক্ষিণ আফ্রিকা এখন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল। ইদানীং সময়টা ভালো না গেলেও পাকিস্তান সব সময় ক্রিকেটের ‘অননুমেয়’ দল। দু দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ তাই আকর্ষণীয় হওয়ারই কথা।
সোমবার থেকে আবু ধাবিতে শুরু হবে প্রথম টেস্ট। ২৩ অক্টোবর থেকে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু দুবাই।
শুধু র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নয়, টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ সাফল্য দক্ষিণ আফ্রিকার।
দু দলের আগের ২১টি লড়াইয়ে ১১টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, হেরেছে তিনটি, বাকি ৭ ম্যাচ ড্র।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র একবারই টেস্ট সিরিজ জিততে পেরেছে পাকিস্তান। ২০০৩-০৪ মৌসুমে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল তারা।
তবে এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের তিনটি ম্যাচেই হেরে যায় পাকিস্তান। এবার তাই তাদের সামনে প্রতিশোধের সুযোগ।
সেই দুঃসহ স্মৃতিকে পেছনে ফেলে ভালো খেলার আশাবাদ জানিয়ে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক বলেন, “অতীত নিয়ে টানা-হ্যাঁচড়া না করাই ভালো। আশার কথা হলো, টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে আমাদের সব ব্যাটসম্যান ভালো খেলেছে। আর এটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।”
দক্ষিণ আফ্রিকার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে স্পিন সহায়ক উইকেট এবং প্রতিপক্ষের দুর্দান্ত স্পিন আক্রমণ। বিশেষ করে অফস্পিনার সাঈদ আজমল।
গোড়ালির চোট কাটিয়ে প্রায় ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথের অবশ্য তার দলের ব্যাটসম্যানদের ওপরে যথেষ্ট আস্থা।
তিনি বলেন, “আমরা স্পিন সহায়ক উইকেটের প্রত্যাশা করছি। সে কারণে সবচেয়ে খারাপ কিছু হওয়ারও আশঙ্কা করছি। আমরা ভালো মতোই জানি আজমলকে মোকাবেলা করাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
