২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগের প্রশংসায় বোল্ট

নিউ জিল্যান্ডের বোলারদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে প্রথম টেস্ট শতকের দেখা পেয়েছেন সোহাগ গাজী। ট্রেন্ট বোল্টও বাংলাদেশের এই অফস্পিনারের প্রশংসায় পঞ্চমুখ।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 08:24 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের এই বাঁহাতি পেসার বলেন, “সোহাগ দারুণ ব্যাট করেছে, চমৎকার কিছু শট খেলেছে। শতকের জন্য তাকে কৃতিত্ব দিতেই হবে। তাকে আরো আগে ফিরিয়ে দিতে না পারা আমাদের জন্য হতাশাজনক।”

দ্বিতীয় ইনিংসে ৪০ ওভারে ১১৭ রান করা অতিথিদের ধীরগতির ব্যাটিং প্রসঙ্গে বোল্ট বলেন, “বাংলাদেশের বোলাররা নিখুঁত লাইন-লেন্থে বল করেছে। তাদের বিপক্ষে রান পাওয়া সহজ নয়।”

“জয়ের মতো সংগ্রহ গড়তে হলে আমাদের আরো রান করতে হবে, কয়েকটা জুটি গড়তে হবে। আজ (শনিবার) বৃষ্টির জন্য তৃতীয় সেশনের শেষ ঘণ্টার খেলা পরিত্যক্ত না হলে আমরা হয়তো আরো ভালো অবস্থানে যেতে পারতাম।”

বাংলাদেশের সামনে লক্ষ্য দেয়া প্রসঙ্গে অবশ্য নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি বোল্ট। তিনি বলেন, “(বাংলাদেশকে) কত রানের লক্ষ্য দেয়া হতে পারে তা এখনই বলা সম্ভব নয়। পুরো এক দিনের খেলা বাকি আছে। তাই এই ম্যাচে ফলাফল আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”