২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি নাজমুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম নির্বাচিত সভাপতি হয়েছেন নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 05:57 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী আগেই সরে দাঁড়ানোয় প্রত্যাশামতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সকাল সাড়ে ১১টায় সভাপতি পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এতে ২৪ জন পরিচালকের সমর্থনে সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান।

দেশের বাইরে থাকা আফজালুর রহমান সিনহা ও শফিউল আলম চৌধুরী আগে থেকেই তার প্রতি সমর্থন জানিয়ে রেখেছিলেন।

নাজমুল হাসানের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি রোববার সকাল সাড়ে ১০টায় নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। দায়িত্ব নেয়ার পরপরই প্রথম সভায় বসবেন পরিচালকরা। যে সভার সভাপতিত্ব করবেন নতুন সভাপতি।

এনএসসি কোটায় পরিচালক হয়েছেন নাজমুল হাসান, আহমেদ সাজ্জাদুল আলম ও আই এইচ মল্লিক। নাজমুল হাসান সভাপতি নির্বাচিত হওয়ায় এই কোটায় আরেক পরিচালক দিতে হবে এনএসসিকে।

‘এ’ ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন এনায়েত হোসেন সিরাজ, আফজালুর রহমান সিনহা, আহমেদ ইকবাল খান, মাহবুবুল আনাম, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, গাজী গোলাম মূর্তজা, হানিফ ভূঁইয়া, তানজিল চৌধুরী, নাজমুল করিম, নাজিব আহমেদ ও শওকত আজিজ।

‘বি’ ক্যাটাগরিতে পরিচালকের দায়িত্ব পেয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, মঞ্জুর কাদের, আ জ ম নাছিরউদ্দিন, আকরাম খান, কাজী ইনাম আহমেদ, এস কে সোহেল, সাইফুল আলম, আনোয়ারুল ইসলাম, এম এ এ চৌধুরী ও শফিউল আলম চৌধুরী।

আর ‘সি’ ক্যাটাগরির পরিচালক খালেদ মাহমুদ সুজন।