পাকিস্তানের টেস্ট দলে নবাগত শান মাসুদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আরো তিন জনকে দলে নিয়েছে পাকিস্তান। এদের মধ্যে বাঁহাতি ব্যাটসম্যান শান মাসুদ আন্তর্জাতিক ক্রিকেটে আনকোরা।
এই তিন জন আগে ঘোষিত ১২ জনের দলের সঙ্গে যুক্ত হবেন।
শান মাসুদ ছাড়া দলে আছেন ২৭টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেললেও এখনো কোনো টেস্ট না খেলা আহমেদ শেহজাদ।
তৃতীয় জন আরেক ব্যাটসম্যান আসাদ শফিক। গত মাসে জিম্বাবুয়ে সফরে টেস্ট দলেও ছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার শেষ হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে ‘এ’ দলের হয়ে ভালো খেলার পুরস্কার হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছেন এই তিনজন।
আগামী সোমবার থেকে আবুধাবিতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ অক্টোবর থেকে, দুবাইয়ে।
পাকিস্তানের টেস্ট দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), খুররাম মনজুর, আজহার আলী, ইউনুস খান, উমর আমিন, আদনান আকমল (উইকেটরক্ষক), সাঈদ আজমল, জুলফিকার বাবর, আব্দুর রেহমান, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, রাহাত আলী, আসাদ শফিক, আহমেদ শেহজাদ ও শান মাসুদ।
