২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিপুকে হারালেন সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জাতীয় দলের দুই সাবেক অধিনায়কের লড়াইয়ে গাজী আশরাফ হোসেন লিপুকে হারিয়ে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 08:57 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের (এএনএসসি) সভাকক্ষে সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চার পরিচালকের নাম ঘোষণা করেন।

‘সি’ ক্যাটাগরিতে ৪৪ জন ভোটারের মধ্যে ৪৩ জন ভোট দিয়েছেন। ২৫ ভোট পেয়ে প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন সুজন। গতবার আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে হারিয়ে পরিচালক নির্বাচিত হওয়া লিপু পেয়েছেন ১৮ ভোট।

বিসিবির অ্যাডহক কমিটিতে ছিলেন সুজন। সে সময় বয়সভিত্তিক দলের ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন তিনি। কোচিংকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে কমিটি থেকে সরে দাঁড়ান সুজন।

নির্বাচিত হওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভালো তো লাগছেই। যে কোনো বিজয়ই আনন্দের।”

“মাত্রই নির্বাচিত হলাম। আমরা টক শোতে ক্রিকেটের উন্নয়ন নিয়ে অনেক কথা বলি। সে সব এখন আমাদের বাস্তবায়ন করতে হবে। তৃণমূল পর্যায়ের ক্রিকেটের দিকে নজর দিতে হবে। অবকাঠামোর উন্নয়ন করতে হবে।”

ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন সুজন।