সভাপতির দায়িত্ব নিতে বাধা কাটলো শ্রীনিবাসনের
তৃতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে এন শ্রীনিবাসনের দায়িত্ব গ্রহণে আর কোনো বাধা রইল না। তার দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
সম্প্রতি তৃতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে নির্বাচিত হলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে দায়িত্ব বুঝে নিতে পারছিলেন না ৬৮ বছর বয়সী শ্রীনিবাসন।
সোমবার শ্রীনিবাসনের দায়িত্ব গ্রহণে নিষেধাজ্ঞা তুলে নিলেও আইপিএলের স্পট ফিক্সিংয়ের তদন্তে তিন সদস্যের নতুন একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত শেষ করতে নতুন এই কমিটিকে চার মাসের সময়ও বেধে দেয়া হয়েছে। ম্যাচ পাতানো বা স্পট ফিক্সিংয়ের তদন্তে আগের তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন আগেই বাতিল হয়েছিল।
আরো এক বছরের জন্য বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আইপিএলের স্পট ফিক্সিংয়ের সঙ্গে তার জামাই গুরুনাথ মিয়াপ্পনের জড়িত থাকার অভিযোগ থাকায় মূলত দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হন শ্রীনিবাসন।
শ্রীনিবাসনের আবার নির্বাচিত হওয়া নিয়ে অবশ্য কোনো সন্দেহ ছিল না। কারণ তিনিই ছিলেন একমাত্র প্রার্থী।
