২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন দিলশান

শ্রীলঙ্কার ব্যাটসম্যান তিলকারত্নে দিলশাল টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 01:59 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দিলশান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টেস্ট থেকে অবসর নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

৩৬ বছর বয়স্ক দিলশান জানান, তরুণদের সুযোগ করে দিতেই সরে দাঁড়াচ্ছেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ খেলেই অবসরে যাওয়ার কথা ছিল দিলশানের। কিন্তু সফরটি স্থগিত হয়ে যাওয়ায় আগেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।

মারমুখী ব্যাটসম্যান দিলশানের অভিষেক হয় বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯৯ সালে। ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ৮৭ টেস্টে ৪০.৯৮ গড়ে ৫ হাজার ৪৯২ রান করেন তিনি।

টেস্টে ১৬টি সেঞ্চুরি করা দিলশান অবশ্য সীমিত ওভারের ম্যাচে দেশের পক্ষে খেলে যাবেন। ২০১৫ সালের বিশ্বকাপ খেলতেও আগ্রহী তিনি।

গত মার্চে কলোম্বোতে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকলো দিলশানের জন্য। ওই ম্যাচে প্রথম ইনিংসে শূন্য করলেও দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করেছিলেন তিনি।