২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের সান্নিধ্যে তরুণ ক্রিকেটাররা

রোববার চট্টগ্রাম জেলার অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ এবং পেসার হান্টের ক্রিকেটারদের সঙ্গে সাকিব আল হাসানের মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। এই সভায় শতাধিক তরুণ ক্রিকেটারকে সাফল্যের ‘মন্ত্র’ শুনিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 07:11 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

এমএ আজিজ স্টেডিয়ামের জিমন্যাসিয়ামে সাকিব বলেন, “সফল হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। কোনো কিছুতেই ভয় পাওয়া যাবে না। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। কষ্ট করতে হবে। কষ্ট করলে তোমাদের যে কেউ জাতীয় দলে সুযোগ পেতে পারো।”

তরুণ ক্রিকেটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব। ভালো বোলার হওয়ার জন্য বাংলাদেশের সাবেক অধিনায়কের পরামর্শ, “সাহস হারালে চলবে না। কোচের সঙ্গে কথা বলতে হবে। নিজের ভেতরে জেদ থাকতে হবে। ‘পারবো না’ কথাটা কিছুতেই ভাবা যাবে না।”

ভালো ব্যাটসম্যান হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “ভালো ব্যাটসম্যান হওয়ার জন্য নেটে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এর কোনো বিকল্প নেই। বারবার অনুশীলন করলে সেটা তোমার জন্য সহজ হয়ে পড়বে।”

মাঠে পাশাপাশি মাঠের বাইরেও সুশৃঙ্খল থাকা এবং মানসিকভাবে শক্তিশালী হওয়ার উপযোগিতার কথা জানিয়ে বাংলাদেশের বেশ কিছু স্মরণীয় জয়ের নায়ক বলেন, “শারীরিক আর মানসিকভাবে শক্ত হতে হবে। শারীরিকভাবে যত পরিশ্রম করেবে, মানসিকভাবেও তোমরা তত শক্ত হয়ে উঠবে।”

সব কিছু সহজভাবে নেয়ার পরামর্শ দিয়ে সাকিব আরো বলেন, “খেলাটা সহজভাবে নাও। সবার জীবনেই খারাপ সময় আসে। শচীন টেন্ডুলকারকেও কখনো-কখনো বাজে সময় পার করতে হয়েছে। দুঃসময়ে আরো বেশি পরিশ্রম করতে হবে, অনুশীলন করতে হবে। তাহলেই দেখবে আবার ভালো খেলতে শুরু করেছ।”

এই মতবিনিময় সভায় জাতীয় দলের ব্যবস্থাপক ও সাবেক অধিনায়ক আকরাম খান এবং বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আজম নাছির উপস্থিত ছিলেন।