২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের মতোই ম্যাককালামকে সামলাবেন সোহাগ

ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের সঙ্গে তার দ্বৈরথের কথা সবার জানা। এবার আরেক আক্রমণাত্মক ব্যাটসম্যান নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে পেয়ে রোমাঞ্চিত অফস্পিনার সোহাগ গাজী।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 02:05 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সোহাগ বলেন, “গেইলকে নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। নিজের চ্যানেলে বল করার চেষ্টা করেছি। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সেভাবেই বল করার চেষ্টা করবো।”

“ম্যাককালামসহ সবার ভিডিও দেখেছি। ওদের সবার ব্যাটিং দেখে দুর্বলতা বের করার চেষ্টা করছি। তার (ম্যাককালাম) বিপক্ষে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আসলে আমি কোনো পরিকল্পনা করে খেলতে নামি না। ম্যাচ শুরু হলে বল হাতে নেয়ার পর ব্যাটসম্যানকে রিড করে ঠিক করি কিভাবে বল করবো।”

গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজে অভিষেক হয় সোহাগের। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সেরা ব্যাটসম্যান গেইলকে এরকরম অকার্যকর করে রাখেন ২২ বছর বয়সী এই অফস্পিনার।

৬ টেস্টে ২৬ উইকেট নেয়া সোহাগ চট্টগ্রামে প্রথম টেস্ট খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত। দুই অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানের সঙ্গে কথা বলে নিজেকে প্রস্তুত করছেন বলে জানান তিনি।

“সাকিব ভাই, রাজ ভাই অভিজ্ঞ অনেকদিন ধরে জাতীয় দলে খেলছেন। তাদের সঙ্গে আলাপ করেছি তারাও ইতিবাচক কথা বলছে। আমাদের স্পিনারদের ইচ্ছে আছে ভালো একটা জায়গায় বল করা, চ্যানেলে বল করা; বাকিটা ম্যাচেই দেখা যাবে।”

বোলিংয়ের মতো এবার ব্যাটেও কিছু অবদান রাখার আশা প্রকাশ করেন তিনি।

দেশের মাটিতে খেলা বলে টেস্ট সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন সোহাগ, “নিজেদের কন্ডিশনেই তো খেলছি। আমরা যদি নিজেদের মতো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং ভালো করতে পারি তাহলে ফলাফল আমাদের পক্ষেই আসবে। আমাদের উপর কোনো চাপ নেই। একমাত্র চাপ হচ্ছে সর্বশেষ সিরিজে (ওয়ানডে) আমরা ওদের হোয়াইট ওয়াশ করেছি। এবারও তেমন কিছু করার চেষ্টা করবো।”

নতুন উইকেটে নতুন বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামলাতে হবে নিউ জিল্যান্ডের পেসারদের। তবে এ নিয়ে দুশ্চিন্তায় নেই সোহাগ গাজী।

“ইংল্যান্ডে পেস সহায়ক উইকেটে খেলে ব্যাটসম্যানদের বেশ উন্নতি হয়েছে, ‘এ’ দলের ইংল্যান্ড সফরের পেস বোলারদের সামলানোর অভিজ্ঞতা নিউ জিল্যান্ডের বাঁহাতি পেসারদের বিপক্ষে ভালো খেলার জন্য সহায়ক হবে।”