চট্টগ্রামে নিউ জিল্যান্ডের অধিনায়ক ম্যাককালাম
দলের সঙ্গে যোগ দিতে চট্টগ্রাম পৌঁছেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, নিল ওয়াগনার ও হামিশ রাদারফোর্ড।
ভারতে অনুষ্ঠানরত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ওটাগো ভোল্টসের হয়ে অংশ নিয়েছেন এই তিন জন। নেট রান রেটে মুম্বাই ইন্ডিয়ান্সের পেছনে পড়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় একটু আগে আসতে পারলেন তারা।
নিউ জিল্যান্ড দলের লিয়াজোঁ সাইদুল ইসলাম এফি জানান, ভারত থেকে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিন ক্রিকেটার। সন্ধ্যা ৭টার দিকে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে পৌঁছান তারা।
শুক্রবার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পরের দুদিন খেলার সুযোগ পাচ্ছেন ম্যাককালাম, ওয়াগনার ও রাদারফোর্ড।
