কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির তৃতীয় জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় জয় পেল কলাবাগান ক্রিকেট একাডেমি। বৃষ্টিবৃঘ্নিত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ছয় উইকেটে হারিয়েছে তারা।
বিকেএসপির তিন নম্বর মাঠে শুক্রবার হওয়া ম্যাচটির দৈর্ঘ্য প্রথমদিনেই বৃষ্টির কারণে ৩৪ ওভারে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০৫ রান করেছিল শেখ জামাল। তাদের ইনিংস শেষে বৃষ্টি নামলে কলাবাগান একাডেমি ব্যাট করতে নামতে পারেনি।
শনিবার রিজার্ভ ডেতে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ও আব্দুল মাজিদের ১৩১ রানের জুটির সুবাদে এক ওভার তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে কলাবাগান। ছয়টি ৪ ও সাতটি ছক্কার সুবাদে ৭১ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংসে খেলেন মাসাকাদজা। আর ৫৯ রানে অপরাজিত থাকেন মাজিদ।
শুক্রবার এক রানের জন্য শতকের দেখা পাননি গুলবাদিন নাইব। ৯৯ রানে অপরাজিত আফগানিস্তানের এই ব্যাটসম্যানের ৬৮ বলের ঝড়ো ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৬টি চার।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান অধিনায়ক তুষার ইমরানের। এছাড়া শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা ৩০ রান করেন।
৪৩ রানে ৩ উইকেট নিয়ে দেওয়ান সাব্বির কলাবাগানের সেরা বোলার।
লিগে কলাবাগান একাডেমির এটি তৃতীয় জয়। আর দ্বিতীয় হারের স্বাদ পাওয়া জামালের পয়েন্ট আট।
