২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনারদের ‘নির্ণায়ক’ মানছেন হেসন

নিউ জিল্যান্ডের কোচ মাইক হেসন মনে করেন, বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের ভাগ্য স্পিনাররা গড়ে দিতে পারেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “উপমহাদেশে সব সময় আমাদের প্রচুর স্পিন বল খেলতে হয়। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাগ্রহে অপেক্ষা করছি। নিঃসন্দেহে এটা আমাদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে।”

“আমাদের বোলারদের টেস্টে ২০ উইকেট নিয়ে দলকে জয় এনে দেয়ার সামর্থ্য রয়েছে। আমাদের স্পিনাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপদে ফেলতেও সক্ষম। আমার মনে হচ্ছে স্পিনারদের ঠিকভাবে সামলানোর ওপরেই এই সিরিজের ফলাফল নির্ভর করছে।”

নিউজিল্যান্ডের ‘এ’ দল এখন শ্রীলঙ্কায় খেলছে। ঐ দলের পাঁচ জন এসেছেন বাংলাদেশে। সদ্য শ্রীলঙ্কা থেকে আসার জন্য নিউজিল্যান্ডের কোচের বিশ্বাস, বাংলাদেশে তার দলের ব্যাটসম্যানরা স্পিনারদের ভালো ভাবেই সামলাতে পারবেন।

অবশ্য প্রতিপক্ষের স্পিনারদের সম্পর্কে তার কণ্ঠে যথেষ্ট সমীহ। এ প্রসঙ্গে হেসন বলেন, “শ্রীলঙ্কায় আমাদের ব্যাটসম্যানদের অনেক স্পিনারের বিপক্ষে খেলার সুযোগ হয়েছে। আমরা বাংলাদেশের স্পিনারদের সামর্থ্য সম্পর্কেও জানি। বাংলাদেশ সফরে আমাদের ব্যাটসম্যানদের বেশ কয়েকজন উঁচু মানের বাঁহাতি স্পিনারকে সামলাতে হবে। সোহাগ গাজীসহ কয়েকজন ভালো অফস্পিনারের জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে।” ২০০৮-০৯ মৌসুমে বাংলাদেশের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল নিউ জিল্যান্ড। চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্ট মাত্র তিন উইকেট জেতার কথা সবাইকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “সর্বশেষ টেস্ট সিরিজটা আমাদের জন্য খুব কঠিন ছিল। আমাদের লড়াই করে প্রথম টেস্ট জিততে হয়েছিল। এবারো তীব্র লড়াই হবে।” বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের প্রশংসা করে হেসন বলেন, “সে একজন অসাধারণ ব্যাটসম্যান। প্রায় এক বছর ধরে সে দারুণ ছন্দে আছে। তার ওপরে আমাদের বিশেষ নজর রাখতে হবে।” নিউ জিল্যান্ডের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি চোটের কারণে আসতে পারেননি। তবে এ নিয়ে তেমন দুশ্চিন্তা নেই নিউ জিল্যান্ডের কোচের। দলের বোলারদের ওপরে আস্থা থাকার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের দলে বেশ কয়েক জন তরুণ, প্রতিভাবান পেসার আছে। তাদের বল সুইং করানোর পাশাপাশি রিভার্স সুইং করানোরও ক্ষমতা রয়েছে। তারা বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে প্রস্তুত।” উপমহাদেশের উইকেটগুলো যে মোটেই পেস-সহায়ক নয়, নিজের অভিজ্ঞতা থেকে তা ভালো মতোই জানেন ট্রেন্ট বোল্ট। তারপরও সুইং বোলিং দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউ জিল্যান্ডের বাঁহাতি পেসার। তিনি বলেন, “এই কন্ডিশনে পেসারদের পক্ষে সাফল্য পাওয়া ভীষণ কঠিন। আমার অবশ্য এ ধরনের কন্ডিশনে সাফল্য পাওয়ার সামান্য অভিজ্ঞতা আছে। চেষ্টা করবো বল নতুন থাকার সময় সুইং আর পুরনো হলে রিভার্স সুইং করাতে।” “আমি শুধু আমার কাজ করে যেতে চাই, যত বেশি সম্ভব উইকেট নিতে চাই। কাউকে টার্গেট করছি না। আমি শুধু উইকেট নিতে চাই।”