২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজের প্রথম টেস্টেও অনিশ্চিত ক্লার্ক

চোটের কারণে ভারত সফর থেকে ছিটকে পড়েছিলেন আগেই। এবার দেশের মাটিতে অ্যাশেজে খেলা নিয়েও দুশ্চিন্তায় আছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 04:44 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিরতি অ্যাশেজের প্রথম টেস্টে নাও খেলতে পারেন ক্লার্ক। দীর্ঘ সময়ের পিঠের চোট থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও প্রথম টেস্টের আগেই মাঠে নামার মতো ফিট হতে পারবেন কিনা, তা নিশ্চিত নয়।      

ব্রিসবেনে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটিতে খেলার বিষয়ে ৩২ বছর বয়সী ক্লার্ক বলেন, “খেলতে পারবো না, এ কথা কখনই বলবো না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চোট কাটিয়ে উঠতে কত সময় লাগবে, সে ভবিষ্যৎবাণীও করতে পারছি না।”

“আসলে ঐ বিষয়ে এখনই আমি ভাবতে চাচ্ছি না। চোট থেকে যেভাবে সুস্থ হয়ে উঠছি তাতে আমি আশাবাদী”, যোগ করেন তিনি।

আসন্ন এই অ্যাশেজ অস্ট্রেলিয়ার জন্য মান বাঁচানোর লড়াই। গত জুলাই-অগাস্টে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত পাঁচ টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে তারা।

পিঠের ব্যথার কারণে এর আগে ভারত সফরের অস্ট্রেলিয়া দল থেকে সরে দাঁড়িয়েছিলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার জায়গায় ডাক পেয়েছেন ব্যাটসম্যান কালাম ফার্গুসন।

ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ চলার সময় ক্লার্কের পিঠের চোট মাথাচাড়া দিয়ে ওঠে। এরপর দেশে ফিরলেও চোট সারতে সময় লাগছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে তাকে অনেকটা সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে অস্ট্রেলিয়া দলের ফিজিও অ্যালেক্স কোনটোরিস জানিয়েছেন।

ভারত সফরে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সাতটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দল।

পুরনো খবর:

ভারত সফরে নেই ক্লার্ক