২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আজমল

সমালোচনা ঠিক নয়, তবে ডেভ হোয়াটমোরকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে পাকিস্তানের ক্রিকেটের আসলে কোনো লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছিলেন সাইদ আজমল। পরে বোর্ডের চাপে কোচের কাছে ক্ষমাও চাইতে বাধ্য হয়েছেন এই স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 04:22 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথোপকথনে বিদেশি কোচের প্রসঙ্গে আজমল বলেছিলেন, “দেশি কোচের সঙ্গে তাদের আসলে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু যে আমরা তাকে বেশি বেতন দিচ্ছি। এটা ছাড়া কোনো ভিন্নতা নেই।”

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সঙ্গে সঙ্গে বিতর্ক এড়াতে আজমলকে হোয়াটমোরের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেয়।

বোর্ডের পরামর্শে আজমল ইতোমধ্যে কোচের কাছে ক্ষমা চেয়েছেন। এ প্রসঙ্গে এক বিবৃতিতে আজমল জানিয়েছেন, “বোর্ড বলা মাত্র আমি ডেভের (হোয়াটমোর) সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছি এবং কি বিষয়ে তার প্রসঙ্গে আমি এমন মন্তব্য করেছি তাও জানিয়েছি।”

“পাকিস্তান দলের জন্য ডেভ কঠিন পরিশ্রম করে। আর তাই তার এই প্রচেষ্টাকে মুল্যায়ন না করাটা ঠিক হবে না” যোগ করেন আজমল।

আজমল আশা করছেন, হোয়াটমোরের সঙ্গে তার ভালো সম্পর্ক অটুটই থাকবে।